‘বাঙালির লোকসাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেছেন কবিয়াল রমেশ শীল’
‘মীমের পর্দা উঠালে দেখবি ওরে মন/ রাম-রহিম-কৃষ্ণ-করিম মূলেতে একজন’, ‘হিন্দুর ঘরে আগুন লাগলে মুসলিম ঢালে পানি/ মুসলিমের ছেলে জলে পড়লে হিন্দু তোলে টানি’—এ রকম হাজারো মরমী, দেশাত্ম ও লোকগানের স্রষ্টা কবিয়াল রমেশ শীল। গত শুক্রবার কবিয়াল রমেশ শীলের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধি প্রাঙ্গণে আয়োজন করা হয় রমেশ মেলার। কথামালা, গান ও শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালির শিকড়সন্ধানী এ লোককবিকে। ‘মাটির মানুষ মাটি নিয়া সারা দিন কাটাই/ মাটির সঙ্গে কোলাকুলি মাটি দিয়া সোনার ফল ফলায়’—কবিয়াল রমেশ শীল শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এ গানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম, মোহাম্মদ আলী, পুলিন বিহারী শীল, সুনীল চন্দ্র ঘোষ, তাজুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন ও রাজু দে। সভাপতিত্ব করেন শান্তিময় শীল। বক্তারা বলেন, রমেশ শীল ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও মানবতার কবি। তিনি স্বদেশ, মাটি ও মানুষের জয়গান করেছেন। মা-মাটি ও মানুষ এই তিনের গাঁথুনিতে রমেশ শীল বাঙালির লোকসাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেছেন। শিকড়সন্ধানী এই লোককবি আমাদের লোকজ সংস্কৃতিকে উপমহাদেশে ছড়িয়ে দিয়েছেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাওয়াল মফিজুল ইসলাম, মজিদ, জামাল, বশর, কবিয়াল কালামিয়া ফারুকী, মো. ইউসুফ ও রমেশ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।