'বাঙালির হৃদয়ে বাঁচবেন রবীন্দ্রনাথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরজুড়ে উদ্যাপিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) তিনটি মিলনায়তনে বোধন, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স ও ক্বনন এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র–প্রতিভার বিচিত্র দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন চিরকাল। তিনি আজও যেমন প্রাসঙ্গিক ভবিষ্যতেও তেমনই থাকবেন।
বোধন: বোধন আবৃত্তি পরিষদ ৭ ও ৮ মে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করেছে। ৭ মে সন্ধ্যা সাতটায় থিয়েটার টিআইসির গ্যালারি মিলনায়তনে আয়োজন করা হয় ‘আমাদের রবীন্দ্রনাথ’ শিরোনামের অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অতিথি ছিলেন অনুবাদক ও লেখক আলম খোরশেদ। অনুষ্ঠানের শুরুতে কবি বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘অন্ধকারে রবীন্দ্রনাথ’ কবিতাটি আবৃত্তি করেন ইসমাইল চৌধুরী। এরপর বাবলী কবি অরুণ সেনের ‘ছায়াবৃক্ষ’, শ্রাবণী গুহ শিহাব সরকারের ‘রবীন্দ্র কবিতায়’ ও মৃণালিনী দেবী পরিতোষ হালদারের ‘সুবর্ণ গ্রাম’ আবৃত্তি করে শোনান। রণজিৎ রক্ষিত আবৃত্তি করেন সুকান্ত ভট্টাচার্যের ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতাটি।
এরপর রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন সুতপা মজুমদার, জাবেদ হোসেন, শ্রাবণী দাশ, সৌমিত্র রক্ষিত, তাপস দাশ, শারমিন মৃত্তিকা, সোনিয়া ধর, গৌতম চৌধুরী, তনুজা চক্রবর্তী, প্রণব চৌধুরী, শুভ রক্ষিত, সন্দীপন সেন একা, যশস্বী বণিক ও সুচন্দা চৌধুরী। শেষে ছিল সোহেল আনোয়ারের রচনা ও গ্রন্থনায় ‘আমাদের রবীন্দ্রনাথ’ শিরোনামে বৃন্দ পরিবেশনা।
৮ মে ছিল ‘নিজেরে কর জয়’ শিরোনামে বোধনের আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের একক আবৃত্তি পরিবেশনা। আবৃত্তি পর্ব শুরুর আগে কথামালায় অংশ নেন দুলাল দাশগুপ্ত, সুচরিত দাশ, মিলি চৌধুরী, রাশেদ হাসান ও ফারুক তাহের। এরপর রবীন্দ্রনাথের ‘এক গাঁয়ে’, ‘পূজা’, ‘নির্ঝরের স্বপ্ন ভঙ্গ’ ‘আফ্রিকা’সহ ২৫টি কবিতা আবৃত্তি করে শোনান সঞ্জয় পাল।
স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স: স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের উদ্যোগে টিআইসি মিলনায়তনে ৮ মে সন্ধ্যা সড়ে সাতটায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। শুভ্রা সেনগুপ্তার নির্দেশনায় নৃত্যনাট্যে অংশ নেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিক্ষার্থীরা।
ক্বণন: ক্বণন আবৃত্তি অঙ্গনের উদ্যোগে ৮ মে বিকেল পাঁচটায় টিআইসির গ্যালারি মিলনায়তনে ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শিরোনামে আবৃত্তি, গান ও কথামালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল কথামালা।
এতে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী মোসতাক খন্দকার। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। এ ছাড়া কথামালায় অংশ নেন ক্বণনের কার্যকরী পরিষদ সদস্য সৌভিক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রাশেদ মোহাম্মদ। কথামালার পর ছিল রবীন্দ্রনাথের লেখা গান ও কবিতা। আবৃত্তি করেন সৌভিক, শুক্লা, রিপন, রাশেদ, তৃষা সেন, ইমরান, শাওকি, শিমু, তৃষা নাহিদা, শরীফ, অর্ণব, তানিম, সায়িফ, আয়াজ, আফনান, ঊর্মি, ইব্রাহিম, পূজয়িতা, সাইমুম ও মোসতাক খন্দকার।