‘বাজারজাতকরণের সমস্যা পার্বত্য চট্টগ্রামের কৃষির বিকাশের অন্তরায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় কৃষি খাত বিকাশের পথে বড় বাধা হলো বাজারজাতকরণের সমস্যা, পর্যাপ্ত সেচ সুবিধা এবং হিমাগারের অভাব।কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান খাগড়াছড়ি সফরকালে এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের কৃষির সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে গত মঙ্গলবার তাঁর নেতৃত্বে প্রতিনিধিদল খাগড়াছড়ি সফর করে। এই প্রতিনিধিদলে ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আহমেদ নাজমিন সুলতানা, ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি ক্যাথরিন সিসিল, জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস পরিচালক আবদুর রহিম ও উপপরিচালক হাসিবুর রহমান।সফরকালে প্রতিনিধিদল খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত কয়েকটি কৃষি প্রকল্প পরিদর্শন করেন। এ ছাড়া স্থানীয় কৃষকদের সঙ্গেও তাঁরা মতবিনিময় করেন। পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষকদের পক্ষ থেকে তুষার কান্তি বসু, ক্যজাউ মারমা ও মংসুইপ্রু চৌধুরী নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা পার্বত্য চট্টগ্রামে উন্নত বীজ ও সার সরবরাহ, সেচ সুবিধা বাড়ানো এবং হিমাগার স্থাপনের দাবি করেন।প্রতিনিধিদল মাল্টাসহ পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে বিভিন্ন জাতের ফলের পরীক্ষামূলক আবাদ দেখেন। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালির ফলের বাগানও পরিদর্শন করেন তাঁরা।শওকত মোমেন শাহজাহান বলেন, ‘এখানকার কৃষির নানা সমস্যা তালিকাভুক্ত করেছি আমরা। কৃষিপণ্যের বাজারজাতকরণ ও সেচ সমস্যার পাশাপাশি এখানকার একটি বড় সমস্যা হচ্ছে ইঁদুর-বন্যা। পার্বত্য চট্টগ্রামে ইঁদুরের উৎপাত কমানোর লক্ষ্যে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করব।’ এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা জাফর ইকবাল জানান, ‘পার্বত্য চট্টগ্রামে প্রায় ৬০ শতাংশ জমি পতিত বা অনাবাদি। এসব জমিতে আবাদ করার কৌশল নির্ধারণ করার লক্ষ্যেই এই সফর। এই পরিদর্শনের পর মাঠ-নির্ভর কৃষিনীতি প্রণয়নের জন্য সংসদীয় কমিটি কৃষি মন্ত্রণালয়ের কাছে বাস্তবসম্মত সুপারিশমালা পাঠাবে।’