‘বাধা দিলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির রোডমার্চ ও জনসভার প্রস্তুতি এবং আগামী দিনের কর্মসূচি কী হতে পারে—এসব বিষয় নিয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সঙ্গে। সাক্ষার‌্যাকার নিয়েছেন একরামুল হক। প্রথম আলো: চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচির প্রধান সমন্বয়ক আপনি। কর্মসূচি পালন নিয়ে কি নিজেদের মধ্যে কোনো সমন্বয়হীনতা অনুভব করছেন?এম কে আনোয়ার: বিন্দুমাত্র সমন্বয়হীনতা নেই। মতভেদ ও বিভেদও নেই। সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে এবং ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।প্রথম আলো: চট্টগ্রামে জনসভার মাঠ পাওয়া নিয়ে আপনাদের শঙ্কা ছিল। রেলমন্ত্রীর হস্তক্ষেপে পলোগ্রাউন্ড মাঠ পেয়েছেন। তাতেও কী আপনারা সন্তুষ্ট? এম কে আনোয়ার: আমরা সন্তুষ্ট। এ জন্য মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই। যদিও মাঠ পেতে অনেক দেরি হয়েছে। একইভাবে কুমিল্লার পদুয়ায় বেগম জিয়ার পথসভা করা নিয়ে অনিশ্চয়তা ছিল। যোগাযোগমন্ত্রীর হস্তক্ষেপে আমরা পদুয়ার জায়গারও অনুমোদন পেয়েছি।প্রথম আলো: সরকারের আশঙ্কা, রোডমার্চ কর্মসূচি উপলক্ষে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গন্ডগোল করতে পারেন। তবে আপনাদের উর‌্যাসাহ-উদ্দীপনা নিয়ে সরকারের কোনো আশঙ্কা নেই। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?এম কে আনোয়ার: আমরা ইতিপূর্বে তিনটি রোডমার্চ কর্মসূচি পালন করেছি। জামায়াত-শিবির বা চার দলের শরিকেরা এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। ওই সময় বিন্দুমাত্র সমস্যা হয়নি। আমাদের আগের কর্মসূচির জনসমাগম দেখে সরকার চিন্তিত। এখন কেন তাঁদের শঙ্কা? হয়তো সরকারের মধ্যে কোনো দুরভিসন্ধি থাকতে পারে। দুরভিসন্ধি থেকে আমাদের কর্মসূচিতে বাধা দিলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।প্রথম আলো: পলোগ্রাউন্ডের জনসভা থেকে খালেদা জিয়া কঠোর কর্মসূচি ঘোষণা দিতে পারেন বলে আপনারা প্রচারণামূলক বিভিন্ন সমাবেশে বলে আসছেন। কর্মসূচির ধরন কী হতে পারে?এম কে আনোয়ার : পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে হলে পলোগ্রাউন্ডের জনসভায় বেগম জিয়ার ভাষণ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। তবে সরকারের অবস্থা যে নড়বড়ে, তা সরকারপ্রধান বুঝতে পারছেন। সরকারের লোকজন এখন অসংগতিপূর্ণ কথাবার্তা বলছেন। কথায় কথায় বেগম জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের হেয় করছেন। আওয়ামী লীগ আসলে ফ্যাসিবাদী দল। ওরা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু ইতিহাস থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিতে চাইছে না। প্রথম আলো: রোডমার্চ ও চট্টগ্রামের জনসভা নিয়ে আপনাদের কী আর কোনো শঙ্কা আছে?এম কে আনোয়ার : রোডমার্চ কর্মসূচি নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। এ ব্যাপারে আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় কথা বলেছি। পলোগ্রাউন্ডের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এই জনসভা বাংলাদেশের ইতিহাসে যুগপরিবর্তন ও দিকপরিবর্তনের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।