‘বাধাগ্রস্ত হচ্ছে অধিকার রক্ষার আন্দোলন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী রাজনৈতিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাতের কারণে নিজেদের অধিকার রক্ষার জোরালো আন্দোলন গড়ে উঠছে না বলে মনে করছেন আদিবাসী নেতারা। তাঁদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা না গেলে আদিবাসীদের অধিকার রক্ষার সুনির্দিষ্ট দাবি আদায় করা সম্ভব হবে না।ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে ঐক্য সম্ভব কি না—জানতে চাইলে চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, সংঘাত বন্ধের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সব বিষয়ে যে বিভক্তি আছে তা নয়, অনেক বিষয়ে মতৈক্য রয়েছে। এখন সংঘাত নয়, বরং পার্বত্য চুক্তি বাস্তবায়ন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং বাঙালি হিসেবে জাতীয় পরিচয় চাপিয়ে দেওয়া—এসব বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, প্রগতিশীল জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুনির্দিষ্ট ইস্যুতে জোটবদ্ধ আন্দোলন করা যায়। একই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, কোনো দলকে সংঘাতের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। সংঘাত সমাধানের কোনো পথও নয়। জনগণের প্রতি আস্থা রেখে গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনীতি করতে হবে। জনগণের আস্থা ছাড়া কোনো দল টিকতে পারে না। তিনি বলেন, ভ্রাতৃঘাতী সংঘাতের কারণে আদিবাসী অধিকার রক্ষার আন্দোলন জোরালো হচ্ছে না। এদিকে গত শুক্রবার ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ ও ঐক্য গড়ে তোলার দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে নেতাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা মনে করেন, নীতি, আদর্শ ও রাজনৈতিক কর্মসূচিবিহীন কোনো দলের সঙ্গে ঐক্য করা সম্ভব নয়। তাঁর মতে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (এমএন লারমা) এসব কিছু নেই। সম্প্রতি এম এন লারমার ২৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সন্তু লারমা অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এটি গঠিত হয়েছে পার্বত্য চুক্তি ও জনসংহতি সমিতির নেতা-কর্মীদের ধ্বংস করতে। অন্যদিকে, দলের ভেতর লুকিয়ে থাকা কিছু ক্ষমতালোভী, কুচক্রী গঠন করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)। তাদেরও নির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।’ইউপিডিএফের রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী ধ্রুব জ্যোতি চাকমা বলেন, আলোচনার মধ্য দিয়ে সমঝোতা সম্ভব। এর আগে দুই পক্ষের শুরু হওয়া আলোচনা ভেঙে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, এ নিয়ে পরস্পরকে দোষারোপ করলে সমাধান আসবে না। এ জন্য দল-নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী রেখে আলোচনা ও লিখিত শর্তের মাধ্যমে সমঝোতা হওয়া উচিত। আদিবাসী নেতাদের মতে, ১৯৯৭ সালে সই হওয়া পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে। এ ছাড়া নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তা অন্তর্ভুক্ত করা হয়নি। বরং আদিবাসীদের জাতীয় পরিচয় ‘বাঙালি’ হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এসব ইস্যুগুলোতে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকলেও দূরত্ব সৃষ্টি হওয়ায় কোনো আন্দোলন গড়ে উঠছে না। তার পরিবর্তে ক্রমান্বয়ে ভ্রাতৃঘাতী সংঘাত বাড়ছে। এতে সাধারণ আদিবাসীদের মধ্যে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, সংঘাত ও দূরত্ব সৃষ্টির পেছনে রাজনৈতিক মতবিরোধ, প্রভাব বিস্তারের প্রয়াস এবং কায়েমী স্বার্থ জড়িত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা), ইউপিডিএফ এবং জনসংহতি সমিতি (এমএন লারমা) একে অপরের বিরুদ্ধে কায়েমী স্বার্থবাদী মহলের স্বার্থ রক্ষার অভিযোগ করে। ভ্রাতৃঘাতী সংঘাতে এ পর্যন্ত তিন দলের ৫৪১ জন সক্রিয় নেতা-কর্মী এবং প্রায় একই সংখ্যক সমর্থক মারা গেছেন। তিন দলের তথ্য বিভাগ থেকে দাবি করা হয়, জনসংহতি সমিতির ২০০, ইউপিডিএফের ৩২৫ এবং জনসংহতি সমিতির (এমএন লারমা) ১৬ জন কর্মী মারা গেছেন।