রবি চৌধুরীর শৈশব কেটেছে বাঁশখালীর পুঁইছড়িতে। শৈশবে পুকুরপাড়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন আর গান গাইতেন। সেই স্কুলে থাকতেই গ্রামে গায়ক হিসেবে সুনাম ছড়িয়ে পড়েছিল। একবার মঞ্চে গান গেয়ে পেয়েছিলেন ৫০০ টাকা। সেটাই জীবনের প্রথম আয়। এরপর সব অনুষ্ঠানে গান গেয়ে টাকা না পেলেও গানপাগল ছেলেটি সবার ভালোবাসা পেয়েছেন। আত্মীয়স্বজনেরা সবাই তাঁকে নিয়ে গর্ববোধ করতেন। স্কুলজীবন থেকে অনেক মেয়ে চিঠি লিখত তাঁকে।গানের জন্য সবার প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি কষ্টও পেয়েছেন। একবার স্কুল পালিয়ে গান করতে গিয়েছিলেন। পরে মা লায়লা কবির তাঁকে ঘরের খাটের সঙ্গে বেঁধে রাখেন। পরে এক বোন মায়ের অজান্তে বাঁধন খুলে দেন। ছাড়া পেয়ে পালিয়ে যান দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত শিল্পী আহমদ কবির আজাদের বাড়ি চকরিয়ায়। তিনি তাঁকে খুব ভালোবাসতেন। অনেকে মনে করতেন, রবি এই আজাদের সন্তান। এ ছাড়া রবির বাবা সরদার কবির আহম্মদের সঙ্গেও তাঁর ওস্তাদের নামের মিল রয়েছে।রবি চৌধুরী উচ্চাঙ্গসংগীত শিখেছেন কক্সবাজারে সংগীতায়নের ওস্তাদ আবু বকর সিদ্দিকীর কাছে। কক্সবাজারে নাটকে সংগীত পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেছেন। সেখানে দেলোয়ার, আতাহার ইকবাল, আলম শাহ, জসীম, রায়হান, বশীর, আমান উল্লাহ, আবদুস শুক্কুরসহ অনেকের সঙ্গে আড্ডা হতো।চট্টগ্রামে একটি অনুষ্ঠানে একবার পরিচয় হয় এক মেয়ের সঙ্গে। সেই মেয়েটা একটু অন্য রকম, আর দশজনের মতো নয়। রবি চৌধুরীকে ভালোবাসত খুব। একবার মেয়েটি বাক্সপেটরা নিয়ে রবির ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় চলে আসে। মেয়েটি তার ভালোবাসা বোঝানোর জন্য ব্লেড দিয়ে হাত কেটে নিজেকে রক্তাক্ত করে। অনেক বুঝিয়ে তাকে চট্টগ্রামে ফেরত পাঠানো হয়।চট্টগ্রাম রবি চৌধুরীর রক্তের সঙ্গে মিশে আছে। এখানকার এত স্মৃতি, এত ঘটনা তা বলে শেষ করার মতো নয়। তবে চট্টগ্রামের কথা এলেই তাঁর বাবার কথা মনে পড়ে বেশি। গানের কারণে ব্যস্ত থাকায় গ্রামের বাড়িতে যাওয়া হতো না তাঁর। তাই বারবার বাবার অসুস্থতার কথা বলে তাঁকে গ্রামের বাড়ি বাঁশখালীতে নিয়ে যাওয়া হতো। একবার বাবা সত্যি সত্যি অসুস্থ হলেন। তিনি বিশ্বাস করেননি। পরে গিয়ে দেখলেন বাবা আর ইহজগতে নেই। তাঁর কবর দেওয়া হয়ে গেছে। রবি চৌধুরী বললেন, ‘এই গানের কারণে বাবার লাশটাও দেখতে পারিনি।’