'বাল্যবিবাহ রোধে সবার আগে মা-বাবাকে সচেতন হতে হবে'
বাল্যবিবাহ সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সবার আগে মা-বাবাকে সচেতন হতে হবে। এ ছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে।
কক্সবাজারের পেকুয়া থানার পুলিশের উদ্যোগে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ১১ আগস্ট সকালে থানা চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা নারী নির্যাতন, বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য ও নারীর প্রতি সহিংসতার নানা চিত্র তুলে ধরেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, ইউএনএফপিএর প্রকল্প কর্মকর্তা শোভন চাকমা, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন প্রমুখ।