‘বাসি খাবার ও ঠান্ডা থেকে শিশুদের দূরে রাখুন’
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। সবচেয়ে বেশি শিকার হচ্ছে শিশু-কিশোরেরা। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষার জন্য চিকিৎসকেরা প্রথমেই সাবধানতার ওপর জোর দিয়েছেন। শীতে শিশুদের যত্ন নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম খান কিছু পরামর্শ দিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রণব বল। প্রথম আলো: শীতে শিশুদের কী ধরনের সমস্যা হয়?নুরুল ইসলাম খান: শীতে শিশুদের নিউমোনিয়া হয়। যারা অপুষ্টিতে ভোগে, বুকের দুধ ঠিকমতো পায় না, টীকার কোর্স শেষ করে না, গরম কাপড় পরে না—ঠান্ডা লেগে তাদের নিউমোনিয়া হয়। এ ছাড়া শীতকালে শিশুদের অ্যাজমাও হয়। ধূপ, মশার কয়েল, সিগারেটজনিত ধোঁয়াও ধুলাবালি এর প্রধান কারণ। তাই এসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রথম আলো: শিশুদের আর কী কী সমস্যা হতে পারে?নুরুল ইসলাম খান: শীতকালে ডায়রিয়াও হয়। পচাবাসি ও ঠান্ডা খাবার এর প্রধান কারণ। এ ছাড়া ধুলাবালিযুক্ত বাইরের খাবারের কারণেও এটা হয়। তবে শীতকালে প্রতি ঘরে ঘরে সর্দি-কাশি হয়। এক্ষেত্রে শিশুদের যত্ন নিতে হবে বেশি করে, যাতে তাদের ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বাসি খাবার পরিহার ও ঠান্ডা খাবার গরম করে খেতে দিতে হবে।প্রথম আলো: কী কী বিষয়ে সাবধান থাকতে হবে?নুরুল ইসলাম খান: শীতে শিশুদের এমন পোশাক পরাতে হবে, যাতে তাদের ঠান্ডা না লাগে। আবার অনেকে বেশি বেশি গরম কাপড় পরিয়ে রাখে। এতে করে ঘেমে উল্টা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। যদি মেঝে ঠান্ডা হয়ে যায়, তাহলে মোজা পরাতে হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি সাবধানতা হিসেবে শাল দুধ খাওয়াতে হবে। ঘর গরম রাখাসহ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সবার উচিত শিশুদের টীকা শেষ করা।প্রথম আলো: আর বিশেষ কোনো পরামর্শ?নুরুল ইসলাম খান: কুয়াশা যাতে শিশুদের মাথায় না পড়ে, এদিকটি খেয়াল রাখতে হবে। সাধারণ সর্দি-কাশি হলে ভয়ের কিছু নেই। তখন তরল খাবার বাড়িয়ে দিতে হবে। তা ছাড়া যদি শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ার ভাব বেশি দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।