‘বাড়তি করের বোঝা তুলে নেওয়া দরকার’
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের বিষয়টি তেমন প্রাধান্য পায়নি। নেই তারল্য সংকট মোকাবিলার দিকনির্দেশনাও। বরং বাড়তি করের বোঝা চাপিয়ে বাজারকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার অবস্থা তৈরি হয়েছে, এমন অভিযোগ বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের। পুঁজিবাজার বিশ্লেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালেহ জহুর বলেছেন, ‘বাজেটে পুঁজিবাজারের জন্য কিছুই দেওয়া হয়নি । বরং বাজারের ওপর চাপ প্রয়োগের কথাই বলা হয়েছে।’ তিনি ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর ১০ শতাংশ হারে কর বৃদ্ধির সমালোচনা করে বলেন, ‘এটা পরোক্ষভাবে বিনিয়োগকারীদেরকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এ ধরনের সিদ্ধান্ত বাজারে বিরাজিত মন্দাভাবকে আরও উসকে দেবে।’ এ বিষয়ে একমত পোষণ করেন বিরিচ লিমিটেডের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। তিনি বলেন, ‘ব্রোকারেজ হাউজের ওপর কর বাড়ানো হলে তার জের বিনিয়োগকারীদের ওপরই পড়বে। কারণ আমরা নিজেরাই এখন আর্থিক সংকটে জর্জরিত।’ তিনি বলেন, ‘বাজেটে তারল্য সংকট নিরসনের কোনো দিকনির্দেশনা উঠে আসেনি। ফলে বাজার নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। বরং নানা ধরনের গুজব বাজারকে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’ বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শামসুল ইসলাম আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অধ্যাপক সালেহ জহুর পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে বাজেটে বাড়তি করের চাপ তুলে নেওয়ার পরামর্শ দেন। তিনি মনে করেন, আমাদের অর্থনীতির ভিত মজবুত করার দিকেই সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার এ মুহূর্তে। কিন্তু সেদিকটিও উপেক্ষিত আমাদের বাজেটে। বিদেশি বিনিয়োগকারীদের (অনাবাসিক বা নন-রেসিডেন্ট বাংলাদেশি) বিনিয়োগকেও নিরুৎসাহিত করা হয়েছে তাদের ওপর কর চাপিয়ে। অবশ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘বাজেটে বেশ কিছু ভালো সিদ্ধান্ত এসেছে। যা পুঁজিবাজারে গতিসঞ্চার করবে আশা করা যায়। এ প্রসঙ্গে তিনি ক্লিয়ারিং করপোরেশনের কথা উল্লেখ করেন। তাঁর মতে, এর মাধ্যমে শেয়ার এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। তবে এ ক্ষেত্রে চট্টগ্রাম এবং ঢাকা উভয় স্টক এক্সচেঞ্জকেই সম্পৃক্ত করতে হবে। তা না হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। দ্বিতীয়ত, ফিন্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যে প্রস্তাব এসেছে বাজেটে তাও একটি ইতিবাচক দিক। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি কোনো ভুল তথ্য দেওয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। ফখর উদ্দিন আলী আহমেদ আরও বলেন, ‘আমরা নৈতিকভাবে অপ্রদর্শিত আয়ের বিপক্ষে। কিন্তু এরপরও যদি তা গ্রহণ করা যায় তবে তা দেশের পুঁজিবাজার এবং অর্থনীতির জন্য উপকার হবে।’ তিনি বাজেটে ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর কর বৃদ্ধি, অনাবাসিক (নন-রেসিডেন্ট) বাংলাদেশিদের বিনিয়োগের ওপর করারোপের প্রস্তাবনা পুনর্বিবেচনার অনুরোধ জানান সরকারের প্রতি। কারণ বিনিয়োগকারীরা এসব বিষয়ে তাঁদের হতাশা ব্যক্ত করছেন। তাঁদের অভিযোগ, বাজেটে তারল্য সংকট নিরসনের কোনো ব্যাখ্যাও পাননি।