‘বাড়ি যাইনি তাতে কী’
উখিং মারমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন চতুর্থ বর্ষের ছাত্রী। পড়ালেখার চাপে ছুটিতে প্রায়ই বাড়িতে যাওয়া হয় না তাঁর। ১৪ এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু। কিন্তু টিউটোরিয়াল, ব্যবহারিক ক্লাস ও গৃহশিক্ষকতার ব্যস্ততা থাকায় এবার বাড়িতে স্বজনদের সঙ্গে সাংগ্রাই উৎসব উদ্যাপন করা হচ্ছে না। তবে সাংগ্রাই তো এসেই গেল। সে আনন্দে গা না ভাসিয়ে পারা যায় কী? ক্যাম্পাসে রয়েছে উখিংয়ের মতো অনেক আদিবাসী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ও বাঙালি বন্ধুদের সঙ্গেই এবার সাংগ্রাই পালন করবেন উখিং।চট্টগ্রাম কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মিতা ত্রিপুরাও এবার বৈসাবি উদ্যাপন করতে বাড়ি যেতে পারেননি। চট্টগ্রামেই বৈসাবি পালন করবেন তিনি। বাড়ি যেতে না পারলেও উচ্ছ্বাসে ভাটা পড়েনি। জানালেন, লাল-সাদা শাড়ি পরে বান্ধবীদের সঙ্গে ডিসি হিলে যাবেন ঘুরতে। দুপুরে আছে খাওয়াদাওয়ার আয়োজন। পান্তা-ইলিশ আর নানা রকমের ভর্তা থাকছে খাদ্য তালিকায়।উখিং মারমা ও স্মিতা ত্রিপুরার মতো এবার নগরে বৈসাবি পালন করবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, হাজি মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি বাণিজ্য (কমার্স) কলেজসহ আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা পড়ালেখার চাপে কিংবা পরীক্ষা থাকায় এবার বৈসাবি পালন করছেন পরিবার-পরিজন ছাড়া।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী অর্চিতা চাকমার পরীক্ষা চলছে। আফসোস, বাড়িতে যাওয়া হলো না বলে। আবার পরীক্ষার কারণে মনপ্রাণ খুলে মজাও করা হবে না। ফুল বিজুর দিন ভোরে নদীতে ফুল ভাসানোর আনন্দ থেকে এবার বঞ্চিত হবেন তিনি। পাবেন না মায়ের রান্না পাচনের স্বাদ। বিশ্ববিদ্যালয়ের পালি দ্বিতীয় বর্ষের ছাত্রী নিহারীকা চাকমাও পরীক্ষার জন্য বাড়ি যাননি। ক্যাম্পাসে পাহাড়ি ছাত্রদের ছাত্রাবাস প্যাগোডায় প্রতিবারের মতো এবারও বৈসাবি পালিত হবে। প্যাগোডার ছাত্ররা পাচন রান্না করেন। তরমুজ কেটে পরিবেশন করেন। যাঁরা বাড়ি যেতে পারেন না, প্যাগোডা তাঁদের বাড়ি হয়ে ওঠে এক দিনের জন্য। ক্যাম্পাসে অবস্থানরত আদিবাসী শিক্ষার্থীরা প্যাগোডার উৎসবে যোগ দেন। রাজনীতিবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সুভাষ তঞ্চঙ্গ্যা ও ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র বিশ্বলাল চাকমা বলেন, বিজু উপলক্ষে তাঁরা প্যাগোডার ছেলেরা (যাঁরা থাকবেন) ঐতিহ্যবাহী পাচন রান্না করেন। এখানে যাঁরা থাকেন, সবাই মিলে আনন্দ করেন। বিকেলে সবাই একসঙ্গে ঘুরতে বের হন