‘নির্যাতিত শ্রমিকদের’ ব্যানারে ডাকা সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তা জোরদার করেছে। বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ইপিজেড মোড়ে আবার সমাবেশ ডাকা হয়েছে। অবশ্য স্থানীয় প্রশাসন সমাবেশ এড়ানোর জন্য শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। ইপিজেড ও আশপাশের এলাকায় বাড়িভাড়া মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ইপিজেডের শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। ৯ ডিসেম্বর এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিকেলে সড়ক অবরোধ করেন উত্তেজিত শ্রমিকেরা। ফলে ওই দিন নগরের সঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। চিটাগং ফ্যাশন লিমিটেডের শ্রমিক আবদুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘এক বছরে বাড়িভাড়া তিনবারে এক হাজার ২০০ টাকা বেড়েছে। বাড়িভাড়া দেওয়ার পর খাওয়ার জন্য আর কোনো টাকা থাকে না। আমরা চাই শ্রমিকদের জন্য সরকার আলাদা নীতিমালা করুক।’সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘বাড়িভাড়া-সংক্রান্ত নীতিমালা থাকা প্রয়োজন। মন্ত্রণালয় এই নীতিমালা তৈরি করে আমাদের কাছে পাঠালে সুবিধা হয়। তার ভিত্তিতে আমরা বাড়ির মালিক, ভাড়াটে এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সমঝোতা বৈঠক ডাকতে পারি।’ নীতিমালার জন্য মন্ত্রণালয়কে তাগাদা দেবেন কি না, জানতে চাইলে মেয়র মো. মন্জুর আলম বলেন, ‘বাড়িভাড়া নিয়ে কথা উঠেছে। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা নীতিমালা চাইব।’ শ্রমিকদের দাবির ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। এ কারণে প্রচারপত্রের মাধ্যমে আবার সমাবেশের ডাক দেন শ্রমিকেরা।প্রচারপত্রে বলা হয়, ‘আজকাল মেয়র বলুন, কমিশনার বলুন, ডিসি বলুন, এসপি বলুন—সবাই জমিদারের গোলাম। এদের সময় নেই আমাদের মতো অসহায় শ্রমিকদের দাবি ওপরের মহলে পৌঁছে দেওয়ার।...বৃহস্পতিবার সকাল সাতটায় সব শিল্পপ্রতিষ্ঠানের কাজ বন্ধ রেখে ইপিজেড রাস্তা অবরোধ করে মন্ত্রিপরিষদের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে চাই।’ বিরাজমান পরিস্থিতিতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম এ লতিফ বলেন, ‘শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক। তাদের অভিযোগ, এক বছরে দুই-তিন দফা বাড়িভাড়া বাড়ানো হচ্ছে, অথচ সুবিধা বাড়ছে না। এসব মেনে নেওয়া যায় না। কিছু সংখ্যক বাড়ির মালিকের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।’ ১৫ দিনের মধ্যে বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে। কেউ মানতে না চাইলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।’