‘বিএনপি নাটক সাজাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কর্মসূচিতে বাধা সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে নগর আওয়ামী লীগ। জনগণের সহানুভূতি আদায় এবং দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতে বিএনপি নাটক সাজাচ্ছে বলে দলটির অভিযোগ। বরং জনসভার জন্য পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি দিয়ে আওয়ামী লীগ সরকার উদার মানসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের নেতারা। গত শনিবার রাত থেকে নগরের বিভিন্ন মোড় ও সড়কের পাশ থেকে বিএনপির ডিজিটাল-বিলবোর্ড উধাও হওয়া এবং মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসার সামনের তোরণে আগুন লাগানোর ঘটনায় বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ অবস্থায় ৮ ও ৯ জানুয়ারির রোডমার্চ এবং সমাবেশের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা নিয়ে নেতারা উদ্বিগ্ন। এ নিয়ে গতকাল সকালে অতিরিক্ত পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ চার দলের রোডমার্চ কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে। নগর গোয়েন্দা পুলিশ এ কাজে সরকার সমর্থকদের সহযোগিতা করছে।বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘অগণতান্ত্রিক পদ্ধতিতে ওদের (বিএনপি) জন্ম। তাই সব সময় ওদের মাথায় অগণতান্ত্রিক চিন্তা কাজ করে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আমাদের সংগঠন কারও কাজে বাধা সৃষ্টি করে না। যার বড় উদাহরণ হচ্ছে, পলোগ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া।’আওয়ামী লীগ নেতাদের দাবি, রোডমার্চ কর্মসূচির পর নগরে জনসভা করা নিয়ে চিন্তিত ছিল বিএনপি। বিশেষ করে পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ার শঙ্কা ছিল তাঁদের। সরকার উদার মানসিকতার পরিচয় দিয়ে পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন তাঁদের হাতে আর কোনো ইস্যু নেই। দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখা এবং জনগণের সহানুভূতি পেতে তারা একটির পর একটি নাটক সাজাচ্ছে, যার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রোডমার্চকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন চার দল ‘পরিকল্পিত উত্তেজনা’ সৃষ্টি করছে। কারণ পলোগ্রাউন্ড মাঠ নিয়ে তাদের যে শঙ্কা ছিল, তা কেটে গেছে। হাতে কোনো ইস্যু নেই বলে নাটক সাজিয়ে গণমাধ্যমে প্রচার পেতে চায়। এটা তাদের একটা কৌশল। তাদের ব্যানার সরানো কিংবা তোরণে আগুন লাগানোর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’ খোরশেদ আলম আরও বলেন, ‘বিএনপির গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হবে—এটাই সবার প্রত্যাশা। তবে রোডমার্চ কর্মসূচিকে ঘিরে “নাটক” সাজিয়ে কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডে বিএনপি জড়ালে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেবে। তবে আমরা গণতান্ত্রিকভাবে তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জবাব দেব।’