‘বিচ্ছেদে যেন রোপিত না হয় চির-ঘৃণার বীজ’
ধুমধাম করে আবদুর রহিমের (ছদ্মনাম) সঙ্গে শাহনাজ বেগমের (ছদ্মনাম) বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহে তাঁদের বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। বিবাহবিচ্ছেদের জন্য সম্প্রতি এক পক্ষ আবেদন করে। চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করে বিবাহবিচ্ছেদ ঘটান। বিচ্ছেদের আদেশে আবদুর রহিম ও তাঁর প্রতিনিধিদের প্রথম পক্ষ এবং শাহনাজ বেগম ও তাঁর প্রতিনিধিদের দ্বিতীয় পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলোপ্রথম পক্ষ তাঁর নিয়োজিত প্রতিনিধিসহ হাজির আছে। দ্বিতীয় পক্ষও হাজির। প্রথম পক্ষের কৌঁসুলি বলেন, ‘স্যার, আমরা সব বিষয়ে আপস করার চেষ্টা করেছি। ওরা ছেলের বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছে। দেনমোহর বাবদ পাওনা দেড় লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছিলাম। কিন্তু তাঁরা রাজি হচ্ছেন না। তাঁরা অনেক বেশি দাবি করছেন।’ কৌঁসুলির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাবিননামার সত্যায়িত ফটোকপি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, দেনমোহর সাড়ে তিন লাখ টাকা। এর মধ্যে দেড় লাখ টাকা উসুল ধরা হয়েছে। অর্থাৎ দেনমোহর বাবদ বর্তমান পাওনা দুই লাখ টাকা। যদিও এ দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ‘অবিলম্বিত’ এবং বাকি এক লাখ টাকা ‘বিলম্বিত’। এ বিষয়টি তাত্ত্বিক। তবে তালাকসংক্রান্ত চিঠি দেওয়ায় প্রথম পক্ষের উচিত পুরো দুই লাখ টাকা পরিশোধ করা। এটাই বাস্তবসম্মত এবং আইনের বিধান। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো আইনসভা মহিলাদের এই ন্যায্য অধিকারের পাওনা টাকার ওপর কোনো শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে না। এক কথায় মহিলারা স্বেচ্ছায় না কমালে দেনমোহর যত বেশিই হোক না কেন, তা কেউ কমাতে পারে না। কাবিননামায় যতটুকু লেখা হয়, ততটুকুই পরিশোধ করতে হবে, টাকার অঙ্ক যত বেশিই হোক না কেন। তবে স্ত্রী সম্পূর্ণ বা কোনো অংশ মওকুফ করলে সেটা ভিন্ন কথা। কাবিননামার শর্ত অনুসারে দেনমোহর বাবদ বর্তমান পাওনা দুই লাখ টাকা বলে মনে হয়েছে। দ্বিতীয় পক্ষের উপস্থিত একজন প্রতিনিধি বলেন, ‘যেখানে দেনমোহর বাবদ বকেয়া পাওনা দুই লাখ টাকা, সেখানে দেড় লাখ টাকা দেওয়ার প্রস্তাব করাটা হাস্যকর এবং অযৌক্তিক। এ ছাড়া বিয়ের সময় আসবাবপত্র দেওয়া হয়েছিল এবং খাওয়া-দাওয়া বাবদ আরও প্রচুর টাকা খরচ হয়। সে ব্যাপারেও ক্ষতিপূরণ দেওয়া উচিত।’এ সময় প্রথম পক্ষের ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, ‘স্যার আমি নবীন আইনজীবী। আদালতে আসা-যাওয়া করছি। এখনো সনদ পাইনি। আমরা মেয়ের সব পাওনা পরিশোধ করে দেব। কিন্তু তাঁরা (দ্বিতীয় পক্ষ) মামলা-মোকাদ্দমা করে আমাদের হয়রানি করেছেন। এতে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে। এ জন্য আমরা দেড় লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছি।’ প্রথম পক্ষের সঙ্গে আসা অন্য একজন প্রতিনিধিও একই কথা বলেন। প্রথম পক্ষের বক্তব্য বাহ্যিকভাবে যৌক্তিক মনে হলেও একটি বিষয় তাঁদের মনে রাখতে হবে, তা হল দেনমোহর মহিলাদের নিরঙ্কুশ অধিকার। এটা আলোচনার বিষয়বস্তু হতে পারে না। এটা কাবিননামাতে যতটুকু নির্ধারিত আছে ততটুকুই পরিশোধ করতে হবে। তবে বিয়েতে দেওয়া আসবাবপত্র, স্বর্ণালংকার ও খাওয়া-দাওয়ার খরচসংক্রান্ত আলোচনা হতে পারে। এ বিষয়গুলোতে উভয় পক্ষ কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বসলে ভবিষ্যতে মামলা-মোকাদ্দমার উদ্ভব হবে না। নবীন আইনজীবী হিসেবে প্রথম পক্ষের ভাই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম। এমনিতেই উভয় পক্ষকে যথেষ্ট দায়িত্বশীল এবং ইতিবাচক মনোভাবসম্পন্ন বলে মনে হয়েছে। উভয় পক্ষ বয়সে অত্যন্ত নবীন। জীবনের অনেক পথচলা এখনো বাকি। হয়তো অন্য কোথাও তাঁদের জন্য সুন্দর সোনালি ভবিষ্যত অপেক্ষা করছে। সেই সকল দিক উভয় পক্ষ এবং আগত শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনেরা বিবেচনায় নিবেন বলে আশা করা যায়। সেই হিসেবে প্রত্যাশা করা যায়, সামান্য কিছু আর্থিক ব্যবধানের জন্য তাঁরা বিরোধ জিইয়ে রাখবেন না। আইনের বাঁধাধরা নিয়মের কারণে বিচ্ছেদ হয়তো অনিবার্য হয়ে ওঠে, কিন্তু এই বিচ্ছেদে যেন রোপিত না হয় চির-ঘৃণার বীজ। কবি কুমুদ রঞ্জন তাই বলেছিলেন, ‘হয়তো আমার এ পথে আর হবে নাকো আসা/ দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা।’ নথি পর্যালোচনায় দেখা যায়, ইতিমধ্যে বিধিবদ্ধ ৯০ দিন পার হয়ে গেছে। সালিশি পরিষদ এ সময়ের মধ্যে কেবল মাত্র আপসের চেষ্টা চালাতে পারে। এই প্রচেষ্টা ব্যর্থ হলে তালাক কার্যকর হয়ে পড়ে। এটাই আইনের বিধান। এ ক্ষেত্রে সালিশি পরিষদের কিছুই করার নেই। সার্বিক বিবেচনায় সালিশি পরিষদের রীতি অনুসারে মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১-এর ৭ (৩) ধারায় আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হলো।