
তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ–উৎসব গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পণ্ডিত বিজন কুমার চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত এই স্মরণ–উৎসবে আলোচনা সভার পাশাপাশি ছিল শিল্পীকে নিবেদিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ও তবলা বাদন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজন কুমার চৌধুরী স্মৃতি পরিষদের সম্পাদক সুরজিৎ সেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জয় প্রকাশ ভট্টাচার্য। বাচিকশিল্পী রণজিৎ রক্ষিতের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ বেলা ইসলাম। তবলাশিল্পী কিরণময় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। মূল আলোচক ছিলেন বাঁশি বাদক আজিজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, পণ্ডিত বিজন কুমার চৌধুরীর জীবনের সুর ছিল তবলার তালে বাঁধা। জাদুকরি হাতের বাদনে রীতিমতো কথা বলে উঠত তবলা। তাঁর বাজানো মোহনীয় বোলে নেচে উঠত শ্রোতার হৃদয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রদর্শিত হয় তাঁর স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাথ সংগত’।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি অনুপম সেন বলেন, অর্ধশতাব্দী সময় ধরে পণ্ডিত বিজন কুমার চৌধুরী সংগীত সাধনায় মগ্ন ছিলেন। তিনি তবলা সাধনে সুর তাল অক্ষুণ্ন রেখেছিলেন সব সময়। তাই সংগীতের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে পণ্ডিত বিজন কুমার চৌধুরী চীর ভাস্বর হয়ে থাকবেন।
এরপর তবলা লহরা পরিবেশন করেন জয় প্রকাশ ভট্টাচার্য, সুরজিত সেন, শুভজিৎ পাল, রাজু দাশ গুপ্ত, মেরি মুখার্জি, শুভ্র নীল সেনগুপ্ত, অনীক শর্মা, সুপ্রিয় চৌধুরী। তবলা লহরা পরিচালনা রতন দত্ত। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে কণ্ঠে ছিলেন শিল্পী অসিত রায় ও বেহালায় শ্যামল চন্দ্র দাশ।