‘বিতর্ক প্রতিযোগিতা গ্রামে ছড়িয়ে দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেছেন, ‘আমাদের গ্রামগঞ্জে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাই বিতর্ক প্রতিযোগিতা শহর এলাকায় সীমাবদ্ধ না রেখে গ্রামের বিদ্যালয়-মহাবিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। ব্যবসায়ী ও বিত্তবানেরা এগিয়ে এলে গ্রামে শিক্ষার প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা সম্ভব। আর এভাবে গ্রাম থেকে ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে।’ গত ৮ মে নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত রবি ডিবেট চ্যাম্পিয়নশিপের ইংরেজি বিতর্কের সমাপনী দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেষ পর্বে ছিল শিশুদের সনাতনী এবং স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক। ধারালো যুক্তির জোরালো উচ্চারণে প্রতিটি বিতর্ক ছিল প্রাণবন্ত। দৃষ্টির আয়োজনে শিশুদের ইংরেজি বিতর্ক আয়োজন এবারই প্রথম। চূড়ান্ত পর্বে ‘রূপকথার গল্প শিশুদের জন্য নয়’ বিষয়ের পক্ষে উইলিয়াম কেরি একাডেমি ও বিপক্ষে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিশুতার্কিকেরা অংশ নেয়। শিশু বিতর্কে অপর চারটি দলকে হারিয়ে বিজয় পেয়েছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল। সেরা তার্কিক নির্বাচিত হয় উইলিয়াম কেরি একাডেমির ছাত্রী মারিশা আজিজ। সরকার ও বিরোধী দলের (প্রতীকী) মধ্যে অনুষ্ঠিত হয় তুখোড় সংসদীয় বিতর্ক। শুধু ভাষাটার ক্ষেত্রেই যেন ভিন্নতা। বাংলার পরিবর্তে ইংরেজি। স্কুল পর্যায়ের দশম ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চতুর্থ বিতর্ক আসরে ১২টি করে দল অংশ নেয়। স্কুল পর্যায়েও সাইডার ইন্টারন্যাশনাল স্কুল জয়লাভ করেছে। শেষ পর্বের বিষয় ছিল, ‘এই সংসদ প্রস্তাব করছে যে, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল বাংলাদেশের জন্য অসম্ভব কল্পনা।’ এতে প্রধান তার্কিক নির্বাচিত হয় বিরোধী দল চিটাগাং গ্রামার স্কুলের দ্বীপা চৌধুরী। ‘এই সংসদ কখনো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।’ এমন বিষয়ে বিতর্কের ঝড় তুলে দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিয়েছেন বিজয়ী সরকারি দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার্কিকেরা। সেরা তার্কিক নির্বাচিত হয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধি সিনা ইবনে হুমায়ুন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা তার্কিকদের হাতে স্মারক, পুরস্কার ও সনদ তুলে দেন। সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রবির প্রধান যোগাযোগ ও মিডিয়া কর্মকর্তা মহিউদ্দিন বাবর, আঞ্চলিক ব্যবস্থাপক দিদারুল আলম, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক সাইদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক আদনান মান্নান।