'বিতর্ক সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যুক্তিবাদী হতে শেখায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তিবাদী হতে শেখায়।’
গত শুক্রবার দুপুরে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ডিন জাকির হোসেন এসব কথা বলেন। ‘যুক্তির নব বার্তা শুনে, এসো রৌদ্র ঝরা সোনালি দিনে’ স্লোগানে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ডিবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান নাঈম আলীমুল হায়দার বলেন, যুক্তি একটি ছোট শব্দ। কিন্তু এর ব্যাপকতা বিশাল। এই একটি শব্দের সঠিক প্রয়োগের মাধ্যমে পুরো পৃথিবীকে জয় করে নেওয়া সম্ভব। তিনি বলেন, ‘বিতর্ক আমাদের যুক্তিবাদী করে গড়ে তুলে। তাই সমাজের ভালো করতে হলে আগে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে যুক্তি আর বিতর্ককে ধারণ করতে হবে।’
আইন বিভাগের শিক্ষক সাইদা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দকী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাঁধন, মারুফ ও বাপ্পির দল। রানারআপ হন মুন্না, জিনাত ও হালিমার দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন বাঁধন।