‘বিতর্কের চর্চা বৃদ্ধি পেলে মুক্তবুদ্ধির মানুষের সংখ্যা বাড়বে’
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে দিনব্যাপী বিভাগীয় বিতর্ক উৎসব ১৮ মে শুক্রবার বিভাগীয় লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিশিষ্ট রসায়নবিদ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল ও ফেডারেশনের সভাপতি এ কে এম শোয়েব। সরোজ কান্তি সিংহ হাজারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিতর্ক মানুষকে যুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলে। দেশে বিতর্কের চর্চা বৃদ্ধি পেলে মুক্তবুদ্ধির মানুষের সংখ্যা বাড়বে। আর এই মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষেরাই বাংলাদেশকে সাম্প্রদায়িকতা, কূপমণ্ডূক ও অজ্ঞানতা থেকে রক্ষা করে একটি আধুনিক দেশ গড়ে তুলবে। তাই বিতর্ক চর্চাকে শুধু নগর পর্যায়ে সীমাবদ্ধ না রেখে গ্রামগঞ্জ সবখানে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিতর্ক সংগঠন গড়ে তোলা দরকার। বিশেষ অতিথি নাজিমুদ্দীন শ্যামল বলেন, ‘আধুনিক ও মুক্ত মনের মানুষ বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ ও সুখী করতে পারবে। আমাদের দেশে বিতর্ক শিল্পের যে বিকাশ হয়েছে, তা আরও বেগবান করতে হবে আমাদের স্বপ্নের বাস্তবায়নের জন্য।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েল চৌধুরী। এত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিতর্কে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গীতিকার ক্যাপ্টেন (অব.) গোলাম মোস্তফা। সমাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর চৌধুরী গোলাম মওলা উপস্থিত ছিলেন।