‘বিদ্যালয়টি আমার সন্তানের মতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে একক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন প্রবীণ আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। তাঁর সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদকঅনগ্রসর এলাকায় মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা এল কীভাবে? রাজনৈতিক জীবনে আমি সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলাম। পরে দেখলাম, রাজনীতি আর জনস্বার্থের মধ্যে নেই। বৃহত্তর জনকল্যাণে অবদান রাখা সম্ভব হচ্ছে না। তা বুঝতে পেরে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র জনকল্যাণের কথা চিন্তা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। এই ক্ষুদ্র চেষ্টা থেকে এলাকার কেউ উপকৃত হলে তাতে আমি সান্ত্বনা খুঁজে পাই। ছয় বছর ধরে এককভাবে সব খরচ বহন করে যাচ্ছেন। এটা তো আপনার ওপর বিশাল চাপ। কীভাবে তা সামলাচ্ছেন? আমার সন্তান আছে। এ প্রতিষ্ঠানটিও আমার আরেকটি সন্তানের মতো। নিজসন্তানদের পেছনে যে খরচ হচ্ছে, তার চেয়ে বেশি খরচ হচ্ছে বিদ্যালয়টির পেছনে। এ খরচ আমার জন্য কষ্টকর হলেও তা আনন্দের ও তৃপ্তির। এটাকে আমি কখনো চাপ মনে করি না।বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে এলাকাবাসীর দাবি আছে। কয়েকজন মন্ত্রী ও সাংসদ সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রীর কাছে। এখনো কোনো ফল পাওয়া যায়নি। কত দিন পর্যন্ত আপনি খরচ বহন করে যাবেন? আমি যতদিন সুস্থ ও সক্ষম আছি ততদিন বিদ্যালয়ের খরচ বহন নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। তবে আমারও বয়স বাড়ছে। আমার সব চিন্তা—আমার অনুপস্থিতিতে বিদ্যালয়টির অস্তিত্ব নিয়ে। সে জন্য আমি মন্ত্রী মহোদয়ের কাছে দ্রুত এমপিওভুক্ত করার আবেদন করেছি। বিদ্যালয়টি সব শর্ত পূরণ করেছে।