‘বিবিরে ছয় হাজার ট্যাকা দিয়া আইছি’
বয়সের ভার আর বইতে পারছে না শরীরটা। কাঁপা কাঁপা দুটি হাত। পায়ের কদমেও জোর নেই। কিন্তু শরীর অবসর নিলেও জীবন তো আর অবসরে যায়নি! তাই থেমে থাকার সুযোগ নেই। সন্তানদের মুখে দুবেলা আহার তুলে দিতে ইটভাটায় মজুরি খাটতে এসেছেন নুরুজ্জামান মোল্লা (৬০)। তাঁর বাড়ি রামগতি উপজেলার চরবসুর চরে। ৩০০ কিলোমিটার দূর থেকে এ বয়সে তিনি ঝুঁকিপূর্ণ এ কাজে এসেছেন পেটের দায়ে। সহকর্মীরা সদয় হয়ে তাঁকে ভারী কাজ না দিয়ে রান্নার কাজ দিয়েছেন। ফাঁকে ইট শুকানোর কাজও করেন তিনি।গত বুধবার ভরদুপুরে কাজ করতে করতে নুরুজ্জামান মোল্লা বললেন, ‘স্ত্রী ও দুই ছেলের সংসার। ছেলেরা বিয়ে করে আলাদা থাকে। তারাও দিন মজুর। স্ত্রী ছকিনা খাতুনও মজুরি খাটে গ্রামে। জমি-জমা, ভিটে-বাড়ি নেই। সরকারি বেড়িবাঁধে ঘর বেঁধে থাকি।’ কত বছর ধরে আছেন এ পেশায়? শুকনো হাসি হেসে নুরুজ্জামান বলেন, ‘বাজান মেলা বছর। ইয়াত্তা নাই। হইবি ত্রিশ-পাঁত্রিশ।’ এ বছর কত টাকা পাবেন? ‘সাড়ে আটার হাজার। বিবিরে ছয় হাজার ট্যাকা দিয়া আইছি।’ বাকি টাকা জমা আছে? ‘না রে বাবা হেই ট্যাকা আগই পেটত গেছে গই। যাবির সময় আবার ট্যাকা লইয়া যাইবো। হেই ট্যাকা সামনর সিজনে শোধ করতে অইব।’ আপনাদের বানানো ইট নিয়েই বড় বড় প্রাসাদ হয়, রাস্তা হয় জানেন? এ প্রশ্ন করতেই থমকে গেলেন নুরুজ্জামান মোল্লা। চেহারায় বিষণ্নতা। বললেন, ‘বাবা হেইডা তো চিন্তা করি নাই। আমরা গরিব-অভাবী মানুষ। দালানকোটার চিন্তা কইরলে রাত্রি ঘুম অইব না। এহন ভালা আছি।’