‘বিরল হলেও অভূতপূর্ব নয়’
ময়না-টিয়া, ভাতশালিক। ‘কথা বলা’ পাখি হিসেবে এদেরই নামডাক বেশি। এরা সহজে পোষও মানে। কাক এই দলে পড়ে না। সেদিক থেকে কাকের ‘কথা বলা’ নিয়ে শোরগোল হবে সেটাই স্বাভাবিক। তবে কাকের মানুষের কণ্ঠ নকল করতে পারার ঘটনা বিরল হলেও অভূতপূর্ব নয়। এ রকম কথা বলা একটা কাক আমি দেখেছিলাম আমাদের বাগেরহাটের শরণখোলায়। ১৯৬৭ সালের ঘটনা। বাজারের এক মুদির দোকানি একটা দাঁড়কাক পুষতেন। সেই কাকটা এই কাকের মতোই মানুষের হাতে এসে বসত। ‘বাবা’ ‘কাকা’ ‘আসো’ ‘খাব’ ‘যাব’ এ রকম ১০-১২টা শব্দ হুবহু মানুষের মতো করে বলতে পারত। এমনকি ওই কাকটাকে কুকরের ডাক নকল করার চেষ্টা করতেও আমি দেখেছি। দীর্ঘদিন মানুষের খুব কাছাকাছি থাকলে এটা সম্ভব। ময়না-শালিক এসব পাখির বাইরে ভীমরাজ নামে একটা পাখি আছে, অনুকরণে ওস্তাদ। ভীমরাজ তার এই দক্ষতা নিয়ে অনেক সময় মজার মজার কাণ্ড করে। যেমন, বেজি দেখলে সাপের মতো শব্দ করে। বেজি আশপাশে সাপ আছে মনে করে খেপে ওঠে। আবার সাপ দেখলে এরা বেজির মতো শব্দ করে। ভীমরাজ মূলত গহিন অরণ্যের বাসিন্দা। শরীফ খান: লেখক, পাখিপ্রেমী।অনুলিখন: ই. হো. চৌ.