'বিশেষ' গুরুত্ব জলাবদ্ধতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের চলতি বছরের বাজেটে (২০১৫-১৬) জলাবদ্ধতা নিরসনে ‘বিশেষ’ গুরুত্ব দেওয়া হয়েছে। বরাদ্দ রাখা হয়েছে ২৭৫ কোটি টাকা। এক অর্থবছরে এটাই করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ। গত এক যুগে সিটি করপোরেশন এই খাতে ব্যয় করেছে ২৭১ কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরে ছিল প্রায় ২৫ কোটি টাকা। এ ছাড়া প্রতিবছর উন্নয়ন অনুদান খাত থেকে জলাবদ্ধতা নিরসনে খরচ হলেও এবার সুনির্দিষ্ট করা হয়েছে।
নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, এবার জলাবদ্ধতা সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি ভালো উদ্যোগ। এই খাতে বরাদ্দ কার্যকরভাবে খরচ করা হলে কিছুটা হলেও উপকৃত হবে নগরবাসী। এ ব্যয় যাতে স্বচ্ছতার মধ্যে খরচ হয় সেদিকে সিটি মেয়রকে নজর রাখতে হবে।
সিটি করপোরেশন বাজেট বিশ্লেষণে দেখা যায়, বাড়ৈপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননে ১৪২ কোটি, খাল খননযন্ত্র (এক্সকাভেটর), ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতি ভাড়া খাতে ৫৪ কোটি, খাল, ছড়া ও নর্দমা খননে ৩০ কোটি, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বিভিন্ন যান ও যন্ত্রপাতি এবং অবকাঠামো উন্নয়নে ২৫ কোটি, বক্স কালভার্টের জন্য ১০ কোটি, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে (সিডিএমপি) সাড়ে ছয় কোটি, প্রাচীর ও প্রতিরোধ দেয়াল নির্মাণে ছয় কোটি, হিজরা খাল সম্প্রসারণে ৫০ লাখ ও বিবিধ খাতে এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিটি করপোরেশনের সচিব ও অর্থ স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়র মহোদয় নিজেই এ ব্যাপারে তদারকি করেছেন। আগামী বছরের মধ্যে সব খাল খনন এবং পুনর্দখল হওয়া খাল উদ্ধারের পরিকল্পনা রয়েছে মেয়রের। এ জন্য জলাবদ্ধতা নিরসনে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।’
গত অর্থবছরের (২০১৪-১৫) সংশোধিত বাজেট অনুযায়ী, নগরের খাল, ছড়া ও নর্দমা সংস্কারে ব্যয় হয়েছে ১৫ কোটি, বক্স কালভার্ট ও প্রতিরোধ দেয়াল নির্মাণে আট কোটি এবং সিডিএমপিতে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হয়।
সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনের কার্যক্রমে দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ব্যয়ের খাতগুলো এবার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অন্যান্যবার সুনির্দিষ্ট থাকত না। তখন থোক বরাদ্দ থেকে প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করা হতো।’
এদিকে সামগ্রিক বাজেটে এবারও ভরসা উন্নয়ন অনুদান। বাজেটের ৬০ শতাংশই এই খাতনির্ভর। গত সোমবার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে উন্নয়ন অনুদানের আয় ধরা হয়েছে ৯৭২ কোটি টাকা, বাকি টাকা করপোরেশনের নিজস্ব আয়।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, প্রতিবছরই উন্নয়ন অনুদানের ওপর নির্ভর করে বাজেট ঘোষণা করা হয়। প্রতিবারই এ খাতে যত টাকা আয় ধরা হয়, বাস্তবে তার চেয়ে অনেক কম টাকা পাওয়া যায়। নতুন খাল খননে ১৪২ কোটি টাকা ছাড়া বাকি টাকা কখন ও কীভাবে পাওয়া যাবে তা পরিষ্কার নয়। টাকা পাওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা থাকলে বাজেট বাস্তবায়ন করা সহজ হয়। এখন সময় বলে দেবে এই বাজেট বাস্তবায়ন হবে কি না।
খাতওয়ারি পর্যালোচনা: এবারের বাজেটে সম্ভাব্য সবচেয়ে বেশি ৯৭২ কোটি টাকা আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে। এ ছাড়া নিজস্ব উৎসের মধ্যে বেশি আয় ধরা হয়েছে বকেয়া কর খাতে ২১৬ কোটি ৯৫ লাখ ৩ হাজার, হাল কর খাতে ১২৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ও অন্যান্য কর খাতে ১৩৯ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ফি খাতে ৩৭ কোটি ১২ লাখ, সম্পদ থেকে অর্জিত ভাড়া ও আয় দেখানো হয়েছে ৬২ কোটি ৫৫ লাখ, ভর্তুকি থেকে আসবে ১৬ কোটি ৬৫ লাখ এবং বিবিধ আয় ১৪ কোটি ৮১ লাখ টাকা। আর অন্যান্য উৎস ও সহযোগী প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে ৩৮ কোটি ৭০ লাখ টাকা।
বরাবরের মতো এবারও ব্যয় উন্নয়ন কার্যক্রমে সবচেয়ে বেশি ৯৭২ কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ব্যয় খাতের মধ্যে বেতন-ভাতা ও পারিশ্রমিকে ১৯৭ কোটি ৪৩ লাখ, মেরামত ও রক্ষণাবেক্ষণে ৬০ কোটি ১৫ লাখ, ভাড়া ও কর খাতে ৬১ কোটি ৮৫ লাখ, বিদ্যুৎ, পানি ও জ্বালানিতে ৩৮ কোটি ৯০ লাখ, কল্যাণমূলক কার্যক্রমে ১২ কোটি ৯৫ লাখ, বকেয়া দেনায় ১৯৫ কোটি, স্থায়ী সম্পদের জন্য ১৭০ কোটি ৮০ লাখ ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৫ লাখ টাকা।