'বিশ্ব মিলেছে ভেনিসে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনিস আন্তর্জাতিক দ্বিবার্ষিক চারুকলা উত্সবের অভিজ্ঞতা-বিনিময় করছেন শিল্পী ঢালী আল মামুন গোরকঘাটা জেটিঘাটে অলস বসে আছে মাছ ধরার নৌকা  প্রথম আলো
ভেনিস আন্তর্জাতিক দ্বিবার্ষিক চারুকলা উত্সবের অভিজ্ঞতা-বিনিময় করছেন শিল্পী ঢালী আল মামুন গোরকঘাটা জেটিঘাটে অলস বসে আছে মাছ ধরার নৌকা প্রথম আলো

‘জলবেষ্টিত ভেনিস শহরকে মনে হচ্ছিল বিশাল এক আর্ট গ্যালারি। শহরজুড়ে বিভিন্ন ভেন্যুতে চলছে প্রদর্শনী। নানা দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি এই শিল্পযজ্ঞে হাজির শৌখিন শিল্পীরাও। পেইন্টিং, ভিডিও আর্ট, স্থাপনা, পারফরম্যান্স, ভাস্কর্য ইত্যাদি নানা মাধ্যমের বিচিত্র সব কাজ উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন দেশের দর্শকেরা ঘুরে ঘুরে দেখছেন আর আলোচনা করছেন সেসব নিয়ে।’
গত বৃহস্পতিবার বিশদ বাংলায় ভেনিস আন্তর্জাতিক দ্বিবার্ষিক চারুকলা উৎসবের (বিয়েনাল) অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এমন বিবরণ দিলেন শিল্পী ঢালী আল মামুন।
বিশ্বের ৮৮টি দেশের ১৩৬জন শিল্পী অংশ নিয়েছেন এবারের ৫৫তম ভেনিস দ্বিবার্ষিক চারুকলা উৎসবে। ১৮৯৫ সালে শুরু হওয়া এই উৎসবকে কেন্দ্র ইতালির ভেনিস পরিণত হয়েছে বৈশ্বিক নগরে। গত ১ জুন শুরু হওয়া এই উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবারের প্রদর্শনীর থিম ছিল ‘এনসাইক্লোপেডিক প্যালেস’। পৃথিবীর নানা অঞ্চলের জ্ঞান ও সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে বৈচিত্র্যে ভরা বিশ্বকে তুলে ধরা হয় এবারের ‘এনসাইক্লোপেডিক প্যালেস’ শিরোনামের প্রদর্শনীতে।
ভেনিস প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশের আটজন শিল্পীর একজন ছিলেন ঢালী আল মামুন। অন্যরা হলেন মোখলেসুর রহমান, মাহবুব জামাল, এ কে এম জাহিদুল মুস্তাফা, অশোক কর্মকার, লালা রুখ সেলিম, উত্তম কুমার কর্মকার ও ইয়াসমিন জাহান।
সন্ধ্যা সাতটায় বিশদ বাংলার পরম্পরা গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে ঢালী আল মামুন ভেনিস আন্তর্জাতিক দ্বিবার্ষিক চারুকলা উৎসবের উল্লেখযোগ্য কাজগুলোর বিবরণ তুলে ধরেন। উপস্থিত শিল্পমোদী দর্শকদের সামনে আলোকচিত্র ও ভিডিও উপস্থাপনের মাধ্যমে কাজগুলোর বিবরণ তুলে ধরেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গণহত্যা ও ধর্ষণকে বিষয় করে শিল্পী ঢালী আল মামুন ভেনিসে উপস্থাপন করেছেন এলিমিনেশন শীর্ষক স্থাপনা। ফাইবার গ্লাসে তৈরি ভাস্কর্য, চুল, পাট ও ধাতু ব্যবহার করা হয়েছে এই স্থাপনায়।
ঢালী আল মামুন জানান, এবার চীনের প্রতিবাদী শিল্পী আই উই ভি, অস্ট্রিয়ার মারিয়া লাসনিং, ইতালির মারিয়া মার্জ, অ্যাঙ্গোলার টিনো সেহগাল, ফ্রান্সের ক্যামিল হেনরো, আয়ারল্যান্ডের রিচার্ড মোস, নেদারল্যান্ডসের মার্ক মেন্ডার্সসহ বহু খ্যাতনামা শিল্পী দর্শকদের সামনে কাজ উপস্থাপন করেছেন। তিনি বলেন, ভেনিসে শিল্পের এই মহাযজ্ঞ মানুষের ভাবনাকে আরও প্রসারিত করেছে। শিল্পভাবনায় যোগ হয়েছে নতুন মাত্রা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশদ বাংলার কর্ণধার আলম খোরশেদ।