'বিয়ের পর নারীর চেয়ে পুরুষেরা আত্মহত্যাপ্রবণ'

ভারতে বিবাহিত নারীর চেয়ে বিবাহিত পুরুষের আত্মহত্যার প্রবণতা প্রায় দ্বিগুণ। তবে, স্ত্রী মারা গেলে কিংবা বিয়ে ভেঙে গেলে পুরুষের এ আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসে। ভারতের ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানের বরাত দিয়ে টিএনএন এ খবর জানিয়েছে।
২০১৪ সালে ভারতে সংঘটিত আত্মহত্যাকারী নারী-পুরুষদের বৈবাহিক অবস্থার নানা তথ্য উল্লেখ করা হয়েছে জাতীয় এই পরিসংখ্যানে। এতে দেশটিতে বিবাহিত নারী-পুরুষদের আত্মহত্যা প্রবণতার এই চিত্র উঠে এসেছে।
কেবল ২০১৪ সালেই ভারতে ৬০ হাজার বিবাহিত পুরুষ আত্মহত্যা করেছে। একই বছরে আত্মহত্যা করা বিবাহিত নারীর সংখ্যা অর্ধেকেরও কম, ২৭ হাজার।
২০১৪ সালে আত্মহত্যা করা বিপত্নীকের সংখ্যা ১ হাজার ৪০০। একই সময়ে আত্মহত্যা করা বিধবার সংখ্যা ১ হাজার ৩০০। আবার একই সময়ে আত্মহত্যা করা তালাকপ্রাপ্ত পুরুষের সংখ্যা ৫৫০ জন এবং আত্মহত্যা করা তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা ৪১০ জন।
এনসিআরবির তথ্য থেকে আরও দেখা গেছে, ২০১৪ সালে দেশটিতে আত্মহত্যাকারী নারী-পুরুষদের ৬৬ শতাংশই বিবাহিত, ২১ শতাংশ অবিবাহিত এবং মাত্র ৩ শতাংশ বিপত্নীক বা বিধবা।