'বুনন'-এর মোড়ক উন্মোচন

‘যূথবদ্ধতা দূর করবে অন্ধকার’ স্লোগানকে সামনে রেখে ক্যামব্রিয়ান প্রথম আলো বন্ধুসভার সাহিত্য সংকলন বুনন–এর মোড়ক উন্মোচন হয়েছে গত বুধবার। ড. করুণাময় গোস্বামীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে হবে। আজকের কাঁচা চুলের তরুণটি আগামী দিন পৃথিবীর নেতৃত্ব দেবে। তাই তরুণদের বেশি বেশি সাহিত্যচর্চা করা প্রয়োজন।’ সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ক্যামব্রিয়ান প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা খন্দকার সেলিমা রওশন ও অধ্যক্ষ গোলাম মোস্তফা।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ গোবিন্দ্র চন্দ্র রায়, ক্যামব্রিয়ান বন্ধুসভার সভাপতি বুশরা আরাবি, সদস্য শ্রেয়া সাহা, শিক্ষক আফরোজা খানম, জহিরুল হক ও ফারুক আহমেদ। এদিনেই বুনন–এর তিনজন সেরা লেখক নির্বাচিত হন। তাঁরা হলেন নুসরাত জাহান তানহা, সামিয়া আহমেদ অন্নি ও তামান্না জাহান ইভা। পরে সবাই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার আহ্বায়ক মো. সাইদুল হাসান।