'বুম বুম' সেরা

সুগন্ধি সাবানের সুবাস ক্রেতারা হাতে না নিলে পাবেন কী করে? মোড়কে ঢাকা সাবানের আকর্ষণটা কেমন হলে সেটা ভোক্তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়? হ্যাঁ, এটাই ছিল এবারের ‘ইউনিলিভার বিজমায়েস্ত্রো ২০১৫’-এর চূড়ান্ত পর্বের চ্যালেঞ্জ।
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই থেকে শিক্ষার্থীরা ব্যবসার খুঁটিনাটি শেখেন। নানা উদাহরণ, পরিসংখ্যান, সূত্র, তথ্য, উপাত্ত শিখে-পড়ে তাঁরা কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হন। কিন্তু সত্যিকারের ব্যবসায় চ্যালেঞ্জগুলো আসলে কেমন, সেটারই একটা ছোটখাটো মহড়া হয়ে যায় এই প্রতিযোগিতার মাধ্যমে। আয়োজকেরা তাই বিজমায়েস্ত্রোকে বলেন ‘রিয়েল লাইফ বিজনেস কমপিটিশন’। ষষ্ঠবারের মতো জাতীয় পর্যায়ে এই বড় প্ল্যাটফর্মের আয়োজন করেছিল ইউনিলিভার। এবারের বিজমায়েস্ত্রোতে অংশ নিয়েছে দেশের ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি দল। ২৭ অক্টোবর র্যাডিসন হোটেলে হয়ে গেল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে জয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল—টিম বুম বুম। দলের সদস্য আয়মান সাদিক, ইশমাম চৌধুরী ও সাজিদ আলম—তিনজনই আইবিএর (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ২০তম ব্যাচের ছাত্র।
আগামী বছর লন্ডনে হবে ‘ইউনিলিভার ফিউচার বিজনেস লিডার লিগ ২০১৬’। বিজমায়েস্ত্রোর চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে টিম বুম বুম পাবে এই বড় আসরে অংশগ্রহণের সুযোগ। বিশ্বের ৩০টি দেশ থেকে প্রায় ৯০ জন প্রতিযোগীর সঙ্গে লড়তে হবে আইবিএর এই শিক্ষার্থীদের। দলটির অন্যতম সদস্য ইশমাম চৌধুরী কথা দিলেন, ‘বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ জানালেন, এত বড় আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে দলের তিনজনই ভীষণ রোমাঞ্চিত।
খালি হাতে ফেরেনি বিজমায়েস্ত্রোর প্রথম রানার্সআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘বেটার কল সল’ ও দ্বিতীয় রানার্সআপ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘ডেজার্ট ফক্স’। বিইউপির রুবায়েত হাসান, কঙ্কর দত্ত, সুরানা তৌহিদ এবং আইইউটির তাহমিদুল বারী, মীর শাহরুখ ইসলাম ও দেওয়ান বাঁধন পাবেন ইউনিলিভারে ইন্টার্ন করার সুযোগ।
প্রাথমিক পর্বে কী কাজ ছিল জানতে চাইলে চ্যাম্পিয়ন দলের আয়মান সাদিক বলেন, ‘একটা জনপ্রিয় পণ্য কীভাবে ভোক্তাদের কাছে আরও বেশি জনপ্রিয় করা যায়, আমাদের এর ওপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছিল। সঙ্গে তৈরি করেছিলাম নিজ দলের একটা “টিম ভিডিও”। যাচাই-বাছাই করে আয়োজকেরা ১২টি দলকে সেমিফাইনালে আমন্ত্রণ জানিয়েছিলেন।’