‘বৃদ্ধার অশ্রুভেজা ফরিয়াদ যেন আমাদের নৈতিক অবক্ষয়েরই প্রতিবিম্ব’
নগরের বাকলিয়া এলাকায় ২০০৪ সালের ১ ডিসেম্বর এক বৃদ্ধা (নাম প্রকাশ করা যাচ্ছে না) নাতির লাথিতে আহত হন। এ ঘটনায় তাঁর নাতি মামুনসহ তিনজনকে আসামি করা হয়। সম্প্রতি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান মামলাটি নিষ্পত্তি করেন। রায়ের চুম্বক অংশ তুলে ধরা হলো:এজাহার ও জবানবন্দি মিলিয়ে দেখা হলো। অভিযোগকারী বয়োবৃদ্ধ হলেও ঘটনার সময় ও তারিখ যথাযথভাবে বর্ণনা করেছেন। আসামি মামুনের নাম উল্লেখ করে সে যা করেছে তার সুস্পষ্ট বিবরণ দিয়েছেন জবানবন্দিতে। এজাহারে সব আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হলেও জবানবন্দিতে শুধু আসামি মামুনের নাম এসেছে। যুক্তিতর্ক বিশ্লেষণে জানা যায়, আসামি মামুনের বাবা আমজু মিয়ার সৎমা হলেন এই মামলার অভিযোগকারী।এই বয়োবৃদ্ধ মহিলা আসামি পক্ষের জেরার জবাবে বলেন, ‘আমাকে লাথি মারার সময় আমার ছোট ছেলের বউ ও শমসু মিয়া ছিল।’ সাক্ষ্য আইনের মর্ম অনুসারে এই আদালত ধারণা করতে পারেন, আসামি মামুন তার সৎ দাদিমাকে লাথি মেরেছিল। আসামি পক্ষের কৌঁসুলির বক্তব্যের জবাবে এই বয়োবৃদ্ধ মহিলা বলেন, ‘সত্য নয়-আমি সৎ ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম। সত্য নয়-সৎ ছেলের ও নাতির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম। সত্য নয়-আমি নিজ ছেলেদের পক্ষে মিথ্যা সাক্ষী দিলাম।’ অর্থাৎ আসামি পক্ষ জেরা করে আনা অভিযোগের সঙ্গে আসামি মামুনের সম্পৃক্ততার ব্যাপারে কোনো ধরনের বৈপরীত্য আদালতের সামনে দেখাতে পারেনি।২০০৪ সালের ১ ডিসেম্বর অভিযোগকারী দুপুরের খাবার খাওয়ার সময় আড়াইটা থেকে তিনটার মধ্যে আসামি মামুন অভিযোগকারীকে লাথি মেরে আহত করে। আসামি মামুনের বয়স ২৮ বছর। অভিযোগকারীর বয়স ৭৫ বছরের ওপরে। তাদের দুজন সম্পর্কে দাদি-নাতি। বয়সের পার্থক্য ৪৭ বছর। দাদি-নাতি সম্পর্ক বাদ দিলেও একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি একজন যুবকের এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুরুব্বি কিংবা বয়স্ক মানুষদের প্রতি সম্মান প্রদর্শনের রীতি আমাদের সমাজ ও সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য। কিন্তু আজকাল সেই ঐতিহ্য যেন লুপ্ত হতে চলেছে। দুঃখজনক হলেও এই বিলুপ্তি অস্বীকার করার উপায় নেই। এই মামলার অভিযোগ ও অভিযোগকারীর অশ্রুভেজা ফরিয়াদ যেন আমাদের নৈতিক অবক্ষয়েরই প্রতিবিম্ব। অন্য সাক্ষীরা হাজির না হলেও একমাত্র সাক্ষী হিসেবে অভিযোগকারীর বক্তব্যে আনা অভিযোগ সুস্পষ্টভাবে আদালতের সামনে ফুটে উঠেছে। অন্য সাক্ষীদের অনুপস্থিতি রাষ্ট্রপক্ষের আনা অভিযোগের বিশ্বাসযোগ্যতা খর্ব করে না। বরং রাষ্ট্র পক্ষ আসামি মামুনের বিরুদ্ধে মারধরের মাধ্যমে আহত করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামুনকে দোষী সাব্যস্ত করা যায় এবং আসামি শাস্তি পাবারও হকদার। অপর দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া যায় না। তাই মামুনকে দণ্ডবিধির ১৮৬০-এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হলো।