'বৃদ্ধাশ্রমে নয়, পরিবারেই থাকি মিলেমিশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)
রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)

চিরকুমারী নমিতা সেন। বাংলাদেশে থাকেন না পরিবারের কেউ। স্বজনদের সবাই ভারতে। কিন্তু মাতৃভূমির টানে থেকে গেছেন নমিতা। তাঁর ঠাঁই হয়েছে চট্টগ্রামের রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে।
১০ মার্চ বিকেলে এই পুনর্বাসনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে নমিতা সেন শোনান তাঁর ত্যাগ ও পরিশ্রমের কথা। নমিতা সেনের মতো এই পুনর্বাসনকেন্দ্রে বসবাসকারী অনেক বয়োজ্যেষ্ঠই বলেন তাঁদের জীবনের গল্প। ‘বৃদ্ধাশ্রমে নয়, পরিবারেই থাকি মিলেমিশে’ স্লোগানে এই অনুষ্ঠানের আয়োজন করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)।
আয়োজনের শুরুতে কথামালা নিয়ে মঞ্চে আসেন আমেনা বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রের প্রতিষ্ঠাতা শামসুল আলম।
তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে আমি ভুল করেছি। কেউ যখন আমার এই আশ্রম থেকে পরিবারে ফিরে যায় সেটাই আমার সার্থকতা মনে করি।’
এরপর মঞ্চে এসে সিএসইআরএফের নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিক বলেন, ‘পারিবারিক বন্ধন ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। গুরুজনদের নিয়ে দেশব্যাপী আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। কীভাবে আমাদের সংস্কৃতিকে ফিরিয়ে এনে পরিবারে মিলেমিশে থাকা যায় সেই পরামর্শ আমরা গুরুজনদের কাছেই প্রত্যাশা করি।’
কথামালা পর্বে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি আজিজুল হক, নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, সিএসইআরএফের ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান শাহান সিদ্দিক, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হারুনুল ইসলাম, সিএসইআরএফের নির্বাহী সদস্য আনিসুর রহমান, রিসার্চ ফেলো শামীমা আকতার, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রবীণেরা পরিবারের বোঝা নয়, তাঁরা সম্পদ। পিতা-মাতার উচিত সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে পিতা-মাতার প্রয়োজনীয়তা বুঝতে পারে। প্রবীণদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।’