'বেঁচে আছি, এটাই বিস্ময়'
সোমালীয় জলদস্যুদের হাতে অপহূত হয়েছিলেন বাংলাদেশি সাত নাবিক। বন্দী ছিলেন সাড়ে তিন বছর। প্রতি মুহূর্তে ছিল মৃত্যুর শঙ্কা। এর মধ্যে ডুবে গেল তাঁদের জাহাজ। মুক্তিপণের জন্য বাড়তে থাকে নির্যাতন। অবশেষে তাঁরা বেঁচে ফিরলেন। কীভাবে কী হলো, কেমন ছিল তাঁদের বন্দিজীবন। পড়ুন আজকের মূল প্রতিবেদনে

প্রতি মুহূর্তে মৃত্যুর শঙ্কা। বন্দুকের নলের সামনে কেটেছে ২৪ ঘণ্টাই। এভাবে এক-দুই দিন নয়, পাক্কা সাড়ে তিন বছর। এর মধ্যে কত কিছুই না ঘটে গেছে। চোখের সামনে গুলি করে মারা হলো সঙ্গীকে। ডুবে গেল জাহাজ। ঠাঁই হলো জঙ্গলের মাটির ঘরে। দিনে গরম, রাতে তীব্র ঠান্ডা। তার ওপর খাবার বলতে দিনে একটি রুটি আর এক লিটার পানি। আর নির্যাতন তো মাত্রা ছাড়িয়েছে দিনের পর দিন। যমদূত যেন আশপাশেই ঘোরাফেরা করে সব সময়। এই বুঝি দপ করে নিভে গেল সব...।
মৃত্যুকে এমনই কাছ থেকে দেখেছেন বাংলাদেশি দুই নাবিক—জাকির হোসেন (২৭) ও আমিনুল ইসলাম (২৬)। সোমালীয় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি সাতজন নাবিকের মধ্যে ছিলেন এই দুজনও। তাঁদের এই বেঁচে ফেরাটাই বিস্ময়! ফিরে এসে জানালেন বন্দিজীবনের দুঃসহ সেই দিনগুলোর কথা। ১৫ জুন আনোয়ারার মেরিন একাডেমির কলোনির বাসায় কথা হয় তাঁদের সঙ্গে।
জাহাজে দস্যুদের হানা
২০১০ সালের ২৬ নভেম্বর। সকাল সাতটা। আমিরাত থেকে কেনিয়ার পথে পণ্যবাহী মালয়েশীয় জাহাজ এমভি আলবেদো। নাবিকেরা কেউ কাজে, কেউ সকালের আড়মোড়া ভেঙে সবে বিছানা ছাড়ছেন। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই বন্দী হলেন সবাই।
এবার শুনুন আমিনুলের মুখেই: ‘আমাদের জাহাজের অবস্থান ছিল সোমালিয়া থেকে এক হাজার ২০০ নটিক্যাল মাইল দূরে। জাহাজের পেছন দিক থেকে আসে দস্যুরা। সূর্যের আলোর কারণে আমরা তাদের স্পিডবোটটি দেখিনি। বুঝতেই পারিনি যে আমরা জলদস্যুদের আক্রমণের শিকার হচ্ছি। স্পিডবোটটি যখন জাহাজের সাত থেকে আট মাইলের মধ্যে চলে আসে, তখন দেখি একে-৪৭ হাতে চার দস্যু। অকস্মাৎ এ ঘটনায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। সবাই জাহাজের ব্রিজরুমে উঠে আসি। দস্যুরা আমাদের জাহাজের সঙ্গে অ্যালুমিনিয়ামের সিঁড়ি লাগিয়ে ডেকে উঠে এল। কিছুটা দূরে দেখা গেল তাদের একটি মাদার ভেসেলও। সেখান থেকে আরও সাতজনসহ মোট ১১ দস্যু আমাদের জাহাজের নিয়ন্ত্রণ নেয়। দস্যুদের সবার হাতে রকেট লঞ্চার, মেশিনগান ও একে-৪৭। আমাদের কিছুই করার ছিল না। জাহাজ চলতে থাকে সোমালিয়ার দিকে।
জাহাজ সোমালীয় দস্যুদের এলাকায় পৌঁছায় ১ ডিসেম্বর। শুরু হলো বন্দিজীবনের দুর্বিষহ দিন। এবার মুক্তিপণের জন্য চলতে থাকে নির্যাতন।’
জাকির হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন দেশের ২৩ জন নাবিক ছিলাম। ওই সময় দস্যুরা ওই সব দেশ ও জাহাজের মালিকপক্ষকে চাপে ফেলে টাকা আদায় করার জন্য পাকিস্তানের তিনজন এবং ইরান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার একজন করে সাতজনকে জাহাজ থেকে নামিয়ে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। এতে তারা সফলও হয়। পাকিস্তানের নাবিকদের ছাড়িয়ে নেয় তাদের সরকার। ফলে আমাদের কষ্ট বাড়তে থাকে।’

বলি হলেন রাজু প্রসাদ...
২০১১ সালের ২৫ জুন দুপুরে ভারতের নাবিক রাজু প্রসাদকে জাহাজের ওপরে নিয়ে যায় দস্যুরা। কিছুক্ষণ পর তিনটি গুলির আওয়াজ হয়। সবার মনে আতঙ্ক। জাহাজের ক্যাপ্টেন জানালেন, রাজুকে মেরে ফেলা হয়েছে।
সেই কথা উঠতেই গলা ধরে আসছিল আমিনুলের। তিনি বললেন, ‘সন্ধ্যার সময় দস্যুরা আমাদের পাঁচজনকে ডেকে বলল, ‘‘ওপরে একজনের লাশ পড়ে আছে, এনে ফ্রিজে ভরে রাখ।” বিশ্বাসই হচ্ছিল না রাজু নেই। তিনি মারা যাওয়ার এক ঘণ্টা আগেও আমার সঙ্গে কথা বলেছেন। খুনসুটি করেছেন।’
এভাবে দস্যুরা চার-পাঁচজনকে পর্যায়ক্রমে মারধর করত আর ফোন ধরিয়ে দিত মালিকের সঙ্গে। কখনো কখনো পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলতে দিত। তারা চাইত মুক্তিপণের টাকার জন্য মালিক ও পরিবারের সদস্যদের জানাতে। তা ছাড়া বন্দী হওয়ার চার মাস পর জাহাজের তেল ফুরিয়ে গেলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। শুধু তা-ই নয়, প্রায়ই ‘হ্যান্ডস আপ’ বলে কানের পাশ দিয়ে গুলি ছুড়ত।
ডুবে গেল জাহাজ, জঙ্গলে ঠাঁই
দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ না হওয়ায় ২০১৩ সালের ৬ জুলাই ডুবে যায় জাহাজ। ওই সময় পাহারায় নিয়োজিত সাত জলদস্যু ও জাহাজের প্রধান প্রকৌশলী, দ্বিতীয় কর্মকর্তা, তৃতীয় প্রকৌশলী, এক নাবিকসহ ১১ জন মারা যান। চারজনই শ্রীলঙ্কার নাগরিক। তখন দুই দস্যু ও ১১ জন নাবিক সাঁতরে পাশের আরেকটি বন্দী জাহাজে ওঠেন। ওই জাহাজে কাটে ১০ দিন। এরপর ১৬ জুলাই নিয়ে যাওয়া হয় দুর্গম জঙ্গলে। এদিকে জাহাজ ডুবে যাওয়ার পর মালিকপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। বেঁচে থাকার আশা যেন মিইয়ে গেল সবার। মুক্তিপণ তো দূরের কথা, যোগাযোগই বন্ধ করে দিল মালিকপক্ষ।
সেই দিনগুলোর কথা বলতে গিয়ে চোখ ছলছল করতে থাকে জাকিরের। তিনি বললেন, ‘জঙ্গলের ভেতরের আলো-বাতাসহীন একটি মাটির ঘরে আমাদের রাখা হয়। এ সময় একেকজনকে দুই থেকে তিন মাইল পর্যন্ত হাঁটিয়ে মেরে মেরে ফোন করতে দিত। আর আমরা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের কাছে ফোন করতাম। পরে পরিবার বিষয়টি জাতিসংঘের কর্মকর্তাদের কাছে জানাত।’

অবশেষে সেই ক্ষণ
এর মধ্যে তাঁরা জানতে পারেন মুক্তির ব্যাপারে দস্যুদের সঙ্গে জাতিসংঘের কথা চলছিল। শত নির্যাতনের মধ্যেও আশায় বুক বাঁধেন নাবিকেরা। এবার আমিনুলের চোখে খুশির ঝিলিক। তিনি বললেন, ‘চলতি বছরের ৬ জুন দস্যুরা আমাদের ডেকে বলল, “একজন একজন করে গাড়িতে ওঠো, তোমাদের আমরা পৌঁছে দেব।” তখনো আমাদের বিশ্বাস হচ্ছিল না। ওই দিনই তারা আমাদের সোমালিয়ার গালকাও রাজ্য সরকারের কাছে নিয়ে যায়। পরদিন ৭ জুন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি বিশেষ বিমানে আমাদের কেনিয়ার নাইরোবিতে নিয়ে আসা হয়। তখন অনুভব করলাম মুক্তির স্বাদ।’ নাবিকদের উদ্ধারে যাবতীয় কাজ সম্পন্ন করে লন্ডনভিত্তিক সাহায্য সংস্থা সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচি (এমপিএইচআরপি) এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। তারাই মুক্তিপণের টাকা জোগাড় করে।
উল্লসিত পড়শিরাও!
দুই নাবিকের মুক্তিতে শুধু তাঁদের পরিবারেই নয়, উৎসব চলছে কলোনিজুড়ে। কলোনির বাসিন্দা গৃহিণী জয়ন্তী দত্ত (৪৪) বলেন, ‘ওরা আমাদের ছেলে, আমরাই তাদের বড় করে তুলেছি। তারা ফিরে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ।’ ১৪ জুন যখন তাঁরা দুজন কলোনিতে পা রখেন, তখন এলাকায় খুশির বন্যা বয়ে যায়। সন্তানকে কাছে পেয়ে দুই পরিবারেই এখন খুশির রোশনাই। মা-বাবা আদরের সন্তানকে চোখের আড়াল হতে দিচ্ছেন না কোনোভাবেই। ভাইবোনেরাও পাশ ছাড়ছেন না।
জাকিরের মা মাজেদা বেগম তো কেঁদেই ফেললেন। তিনি বললেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া। ছেলে আমার বুকে ফিরে এসেছে।’ আমিনুলের বাবা নুরুল ইসলাম বলেন, ‘একসময় আশা ছেড়ে দিয়েছিলাম। তবে আল্লাহ সহায় ছিলেন বলে ছেলেকে পেলাম।’
আমিনুল ও জাকির বলেন, ‘সোমালিয়ায় এখনো বিভিন্ন দেশের ৩৮ জন জিম্মি হয়ে আছেন। আমাদের মুক্তিতে জাতিসংঘ, সরকার ও মেরিন একাডেমি যে ভূমিকা রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। ঘরে ফিরে আসতে পারব, সেই আশা ছিল না। আমরা যে বেঁচে আছি, এটাই বিস্ময়।’