‘বেবি ডকের’ দেশে ফেরার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা নেই, কওয়া নেই হুট করেই দেশে ফিরেছেন হাইতির সাবেক স্বৈরশাসক জ্যঁ-ক্লদ ‘বেবি ডক’ দুভালিয়ের। কেন তিনি হঠাৎ করে দেশে ফিরলেন, এ নিয়ে চলছে নানা জল্পনা। দেশে ফিরে দুভালিয়ের বলেছেন, দেশের জনগণের প্রতি ‘সংহতিই’ তাঁকে মাতৃভূমিতে ফিরিয়ে এনেছে। কিন্তু একথার সত্যতা নিয়ে বেশির ভাগ মানুষ ও বিশ্লেষক সন্দিহান।দরিদ্র ক্যারিবীয় দেশ হাইতির অনেক মানুষের কাছে দুভালিয়ের একটি অভিশপ্ত নাম। বহু মানুষের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন সাবেক এই স্বৈরশাসক। দেশে ফেরায় তাই তাঁকে স্বাগত জানাতে নয়, শাস্তির দাবিতেই মুখর সেখানকার মানুষ। ১৯৮৬ সালে দেশ থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন সাবেক এই স্বৈরশাসক।বিশ্বের সবচেয়ে কুখ্যাত কয়েকজন মানবাধিকার লঙ্ঘনকারীর ওপর কাজ করেছেন, এ রকম কয়েকজন আইনজীবীর ধারণা, মোটেই জনগণের প্রতি ভালোবাসার টানে দেশে ফেরেননি দুভালিয়ের। এর পেছনে রয়েছে অন্য কারণ। অনেক হিসেব-নিকেশ কষেই তবে তিনি দারিদ্র্য ও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মাতৃভূমিতে ফিরেছেন। দুভালিয়েরের দেশে ফেরার সঙ্গে বেশ কয়েক কোটি ডলার অর্থের একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন আইনজীবীরা। ক্ষমতায় থাকার সময় অবৈধ পন্থায় বিপুল পরিমাণ অর্থ পুঞ্জীভূত করেছিলেন বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির সাবেক এই নেতা।সুইজারল্যান্ড-ভিত্তিক আইনজীবী পিটার বুচকায়ের্ট বলেন, স্বদেশবাসীর জন্য ভালোবাসার চেয়ে দুভালিয়ের নিজের মানিব্যাগের কথাই বেশি ভেবেছেন বলে মনে হয়েছে তাঁর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক হিসেবে কাজ করছেন এই আইনজীবী।দেশে ফিরে দুভালিয়ের অবশ্য মুশকিলেই পড়েছেন। তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও উঠছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।দেশে ফেরার পর জনসমক্ষে দেওয়া প্রথম বিবৃতিতে দুভালিয়ের ২০১০ সালের প্রলয়ংকরী ভূমিকম্পে বিধ্বস্ত দেশের পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর শাসনামলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেননি।সুইজারল্যান্ডে পাস করা বিশেষ এক নতুন আইনের আওতায় দুভালিয়েরের প্রায় ৬০ কোটি ডলার হাইতিতে ফেরত পাঠানো হতে পারে। এ অর্থ হাইতির জনগণের জীবনমানের উন্নয়নে ব্যয় করা হবে। বুচকায়ের্ট ও অন্যদের বিশ্বাস, দুভালিয়ের হয়তো হাইতিতে সংক্ষিপ্ত সফরের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন যে দেশে ফিরলেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বা তাঁকে গ্রেপ্তার করা হবে না। এরপর এই মর্মে সুইস আদালতে মামলা করবেন যে হাইতির সরকার তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে ইচ্ছুক নয়। এভাবে হয়তো সুইস কর্তৃপক্ষের পাঠানো ৬০ কোটি ডলারের অধিকার পাওয়ার দাবি করতে পারবেন তিনি। উল্লেখ্য, দুভালিয়েরের হাইতি থেকে ফেরার টিকিট ছিল ২০ জানুয়ারির।বুচকায়ের্ট বলেন, নির্বাসনে থাকাকালে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে বেহিসাবি অর্থ খরচ করেছেন দুভালিয়ের। এতে তিনি কপর্দকহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আপনি যদি নিঃস্ব হয়ে পড়েন এবং ব্যাংকে যদি ৬০ কোটি ডলার আটকা পড়ে থাকে, তাহলে আপনি মরিয়া হয়েই সেই অর্থ তুলতে চেষ্টা করবেন।’দুভালিয়েরের এই আকস্মিক স্বদেশ প্রত্যাবর্তন সত্যিই যদি সুইজারল্যান্ডে আটকে থাকা অর্থ ছাড়ানোর কৌশল হয়ে থাকে, তবে তা বুমেরাং হয়ে গেছে বলেই মনে হচ্ছে।