‘বেশি করে জোকস বানান’
‘মীরাক্কেলে আসতে চান, বেশি করে জোকস বানান। জোকস আর স্ক্রিপ্ট ঝগড়া করে মূল্য বেশি কার?’ এই প্যারোডি গানটি দিয়েই মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জামিল আহমেদ সাড়া ফেলেন। ওই প্রতিযোগিতায় হয়েছিলেন চতুর্থ। তবে তিনি যে শুধু কৌতুক অভিনেতা তা কিন্তু নয়, সমানে করছেন গান ও উপস্থাপনাও। ঈদেও করেছেন বেশ কয়েকটি কাজ। অভিনয় করেছেন ভালোবাসা আজকাল ছবিতে। কণ্ঠ দিয়েছেন তানভীর তারেকের অমিয় সুধা অ্যালবামের ‘আমার হাড় কালা করলাম রে’ গানে। অভিনয় করছেন ধারবাহিক নাটক গোপনে, রিলেশন, ভালোবাসার রংধনু। সম্প্রতি তিনি কনকর্ড-বাংলালিংক ঈদ কনসার্ট অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য এসেছিলেন চট্টগ্রামে। সেদিন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আলাপ হয় তাঁর সঙ্গে।এবার দ্বিতীয়বারের মতো তাঁর চট্টগ্রামে আসা। এর আগে মীরাক্কেল ৭-এর বাছাইপর্বে এসেছিলেন। তাও এক বছরের মতো হয়ে গেছে। সেবার সামান্য একটু ঘোরাঘুরি করেই চট্টগ্রামের রূপ-বৈচিত্র্যে অভিভূত হয়েছিলেন। কিন্তু আক্ষেপ নিয়ে গেছেন পুরোপুরি ঘুরে বেড়াতে না পারার। তবে এবার আর তা হয়নি। মুগ্ধতার রেশ নিয়ে ফিরে যাচ্ছেন গ্রামের বাড়ি নোয়াখালীতে। জামিল আহমেদ জানালেন, এ দফায় দুদিন ঘুরে বেড়িয়েছেন চট্টগ্রামে। সঙ্গে ছিলেন বন্ধু চিকিৎসক রোমেল। সবচেয়ে ভালো লেগেছে বন্দর নগরের কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট এলাকাটি। নদী, সাগর আর প্রকৃতির মিতালি মুগ্ধ করেছে তাঁকে। চট্টগ্রামই তাঁর কাছে বসবাসের জন্য সেরা নগর মনে হয়েছে। চট্টগ্রামের মেজবানি মাংসের অনেক সুনাম শুনেছেন। কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। এর স্বাদ নেবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ। জামিল বলেন, ‘আরেকবার এলে মেজবানি মাংস খাবই।’জামিল প্রশংসায় পঞ্চমুখ চট্টগ্রামের মানুষের। তাঁর মনে বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছেন তাঁরা। বললেন, চট্টগ্রামে এসে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। তাঁরা বেশ অতিথিপরায়ণ। প্রগতিশীল সংস্কৃতিচর্চায়ও চট্টগ্রামকে এগিয়ে রাখেন তিনি। তাঁর মতে, দেশের সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখগুলোর অনেকেই চট্টগ্রামের। কিন্তু তার পরও চট্টগ্রামের শিল্পীরা এখনো সেভাবে এগিয়ে যেতে পারেননি। কারণ বাংলাদেশের সবকিছু এখনো ঢাকাকেন্দ্রিক। সব শেষে মীরাক্কেলে আসতে আগ্রহীদের জন্য বাণী—‘জোকসে মৌলিকত্ব ও বৈচিত্র্য থাকতে হবে। হতে হবে সৃষ্টিশীল। সাফল্য পেতে হলে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নিজস্ব স্টাইল তৈরি করতে হবে। যার মধ্যে এই প্রেরণা আছে, তার জন্য মীরাক্কেল।’