'বোকা হয়ে বসে থাকি'

সমস্যা
আমার বয়স ২৫। স্নাতক শ্রেনিতে পড়ার পাশাপাশি ছোট একটি চাকরি করি। আমার সমস্যা হলো, আমি অনেক পড়াশোনা করি; কিন্তু কোনো কিছু মনে রাখতে পারি না। কোনো কিছু লিখতে পারি না। সবকিছু এলোমেলো হয়ে যায়
আনিছুর রহমান, গুলশান, ঢাকা।
পরামর্শ
তোমার কি কিছুটা সময় পড়ালেখায় বিরতি ছিল? পড়ার ফাঁকে চাকরিও করছ। এতে তুমি কতটা মনোযোগ দিয়ে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রেখে পড়ছ তা বোঝা দরকার। তুমি কি শৈশব থেকেই এই অবস্থায় লেখাপড়া চালিয়ে গেছ, নাকি জীবনের জটিলতা বাড়ার ফলে এমন ঘটছে তা খেয়াল করবে। পরীক্ষার সময় পড়ালেখা ভুলে যাওয়ার পেছনে অনেক কারণই কাজ করতে পারে।
পরীক্ষাভীতি যাদের আছে, তারা ভয়ের কারণে যা জানা থাকে, তাও ঠিকমতো লিখতে পারে না। এ ছাড়া কারও ক্ষেত্রে এমন হতে পারে যে বিষয়বস্তু না বুঝে শুধু মুখস্থ করার চেষ্টা করে। ফলে তারা মনে রাখতে পারে না। আবার কারও ক্ষেত্রে এমন হতে পারে যে পড়ার সময় অন্যান্য চিন্তা করতে থাকে বলে মনোযোগের খুব অভাব হয়। এর ফলে অনেকক্ষণ ধরে পড়লেও বিষয়বস্তুগুলো ঠিকমতো মনে রাখা সম্ভব হয় না। তুমি এদের মধ্যে কোন দলে পড়ো তা ভালো করে ভেবে দেখবে। সেভাবে নিজের প্রতি যত্নশীল হয়ে পড়ালেখা করার চেষ্টা করবে, কেমন? এ ছাড়া যা পড়বে তা ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রয়োজনে কারও সাহায্য নিতে পারো। যতক্ষণই পড়ো, সেটি যেন অখণ্ড মনোযোগের সঙ্গে করতে পারো তা চেষ্টা করবে। যে বিষয়গুলো পড়ছ, তার ছোট ছোট সারাংশ একটি খাতায় লিখে রাখবে। পরীক্ষার ঠিক আগে সেই খাতায় লেখা পয়েন্টগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে। লিখতে শুরু করার আগে কয়েকবার বড় করে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়লে মানসিক চাপ অনেকটা কমে যাবে।
সমস্যা
আমার জ্ঞান-বুদ্ধি সবকিছু দিন দিন লোপ পাচ্ছে। কোনো কাজ করার পর বুঝতে পারি এটি সঠিক হয়নি। শারীরিক, মানসিক, জৈবিক ভালো-মন্দ কোনো ধরনের অনুভূতি কাজ করে না। কখনো কখনো কারও আচরণে মনে প্রচণ্ড আঘাত পাই। এতে মনে ক্ষোভ-রাগ জন্ম হয়, মনোভাব প্রকাশ করতে পারি না। প্রায় সবকিছু ভুলে যাই, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করতে পারি না। মাঝেমধ্যে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না এবং বোকা হয়ে বসে থাকি, মনে হয় এক সময় আমি পাগল হয়ে যাব। আমি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। পারিবারিকভাবে মোটামুটি সুখী। এই পরিস্থিতি কখনো কারও সঙ্গে আলোচনা করিনি।
ইস্কান্দার আলী, চট্টগ্রাম।
পরামর্শ
তোমার উপসর্গগুলো দেখে মনে হচ্ছে, তুমি বিষণ্নতায় ভুগছ। অন্য সব সমস্যাও এই বিষণ্নতার কারণে হচ্ছে বলে মনে হয়। এভাবে চলতে থাকলে তোমাকে হয়তো কাছের মানুষদের হারাতে হবে। তোমার এই অনুমান হয়তো অমূলক নয়। কারণ, মনের অসুস্থতা বাইরে থেকে বোঝা যায় না বলে আমাদের প্রিয় মানুষেরা ভুল বুঝতে শুরু করে। নিজেরা কষ্ট পায় বলে অসুস্থ মানুষটিকেও কোনো সময় কটু কথা বলে বসে। এতে পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। তোমাকে অনুরোধ করব, কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে না করলেও নিজেকে বুঝিয়ে লোকজনের সঙ্গে কথা বলবে। প্রতিদিন খোলা জায়গায় গিয়ে বেশ কিছুক্ষণ হাঁটবে এবং কিছু শরীরচর্চা করবে। সূর্যের আলো আমাদের বিষণ্নতা কমাতে সাহায্য করে।
এ ছাড়া নিয়মিত রিলাক্সেশন, মেডিটেশন, যোগব্যায়াম, কিছুটা বিনোদন আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে। তবে যেহেতু এই অবস্থাটি বেশ কিছুদিন ধরে চলছে, তুমি কোনো মনোরোগ চিকিৎসকের কাছে গেলে ভালো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তুমি সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসকের পরামর্শ নাও। একই সঙ্গে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সেবা তোমাকে মনের শক্তি বাড়াবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.