একই কারখানায় সমান সময় কাজ করেও একজন শ্রমিক মাস শেষে বেতন পান পাঁচ হাজার, আর একজন কর্মচারী পান ১৫ হাজার টাকা। বছরে একজন কর্মচারী ছুটি পান ৫৩ দিন, আরেক শ্রমিক পান ৪০ দিন। একই কক্ষে পাশাপাশি খাটে থাকলেও একজন শ্রমিককে মাসে ভাড়া দিতে হয় ৫৪ টাকা, আর একজন কর্মচারী দেন ২৮ টাকা। এ রকম নানা বৈষম্যের মধ্যে কাজ করেন কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) শ্রমিক-কর্মচারীরা। ১ মে মহান মে দিবস পালন উপলক্ষে কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন (সিবিএ) আয়োজিত শ্রমিক সমাবেশে সিবিএর সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বৈষম্যের এই চিত্র তুলে ধরেন। মো. সোলায়মানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেপিএমের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবুল কাশেম এবং মহাব্যবস্থাপক (অপারেশন) এম এম এ কাদের। বক্তব্য দেন শ্রমিক নেতা রফিকুল আলম, মো. হানিফ, আবুল খায়ের, মো. খোরশেদ আলম, মো. আবিদুর রহমান ও মো. আলমগীর। বক্তারা অভিযোগ করেন, সরকার ২০০৯ সালে জাতীয় বেতন কমিশন ঘোষণা করেছে। ওই বছর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কমিশন ঘোষিত সুযোগ-সুবিধা পেলেও শ্রমিকেরা তা পাচ্ছেন না।এর আগে শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা কেপিএম কারখানা এলাকা প্রদক্ষিণ করে।