
নগরের কাতালগঞ্জে নব পণ্ডিত বিহার প্রাঙ্গণে ২১ অক্টোবর দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ‘বোধিধারায় জাগো’ শিরোনামে গীতি-নৃত্য-আলেখ্য অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।
কুন্তল বড়ুয়ার পরিচালনায় ও শ্যামল চৌধুরীর গ্রন্থনায় আলেখ্য অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন সুরঞ্জন মুৎসুদ্দি। নৃত্য পরিচালনায় ছিলেন প্রমা অবন্তী ও স্বপন বড়ুয়া।
শুরুতে স্লাইড প্রদর্শনীর সঙ্গে ছিল ‘অন্ধকারের শৃঙ্খল ভেঙে’ গানটি। এর সঙ্গে নাচ পরিবেশন করেন প্রাচী, দিবা, রাই, অর্জিতা, অজয়িতা। এরপর একে একে শিল্পীরা ‘তথাগত বুদ্ধ তুমি সর্বজ্ঞ মহামুনি’, ‘আজ নতুনের আলোয় জাগো’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন স্বপন বড়ুয়া, রাজশ্রী ও সপ্তর্ষি বড়ুয়া। সমবেত সংগীত পরিবেশনায় ছিলেন সুরঞ্জন মুৎসুদ্দি, রিগ্যান বড়ুয়া, জুয়েল বড়ুয়া, ফাল্গুনী বড়ুয়া, পিংকি বড়ুয়া, আপন বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া, রৌদ্র বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া, শশী বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া, সপ্তর্ষি, ঐশী, বিপাশা, অর্চি, চন্দ্রিকা, অর্পিতা, শতাব্দী, অর্পা, জেসি ও অগ্লিলা।
গীতি-নৃত্য-আলেখ্য শেষে শুরু হয় একক ও দ্বৈত সংগীত পরিবেশনা। প্রথমেই রবীন্দ্রসংগীত ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ নিয়ে মঞ্চে আসেন সুস্মিতা তালুকদার। এরপর সমাপ্তি বড়ুয়া পরিবেশন করে আধুনিক গান ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’। একক সংগীতের পর দ্বৈত সংগীত নিয়ে আসে সুস্মিতা বড়ুয়া ও রৌদ্র বড়ুয়া। তাঁরা পরিবেশন করেন আধুনিক গান। এরপর একক সংগীত পরিবেশন করেন শিল্পী সপ্তর্ষি বড়ুয়া, ঐশী বড়ুয়া, আপন বড়ুয়া, ফাল্গুনী বড়ুয়া, শশী বড়ুয়া, পিংকী বড়ুয়া, জুয়েল বড়ুয়া ও সুমন বড়ুয়া। সব মিলিয়ে পুরো আয়োজনে ছিল নান্দনিকতা ও মুগ্ধতার আবেশ।