‘বোনকে খুঁজে পেলাম লাশঘরে, ভাগনি কোথায় জানি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বোন খুব শান্ত স্বভাবের ছিলেন। শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হলেও খুব একটা বলতেন না। তাঁর শাশুড়ি মোবাইলেও (মুঠোফোনে) আমাদের সঙ্গে কথা বলতে দিতেন না। অসুস্থতার খবর শুনে ছুটে গেলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বোনকে খুঁজে পেলাম লাশঘরে। ভাগনি কোথায় এখনো জানি না।’ এভাবেই বোনকে হারানোর ঘটনা বর্ণনা করেন সন্দ্বীপের বাসিন্দা মো. রাসেল। ২৪ মে নগরের হালিশহর থানার সবুজবাগ নন্দন মহাজন সড়কে শ্বশুরবাড়িতে মারা যান গৃহবধূ ববিতা বেগম (২৪)। এ ঘটনায় ববিতার শ্বশুর সফিউল হক ও ননদের স্বামী মো. খোকনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ববিতার পাঁচ বছরের শিশুকন্যা তাহিমা খান প্রেমাকে নিয়ে তাঁর শাশুড়ি আয়েশা বেগম পলাতক।ঘটনার দিনের বর্ণনা দিয়ে রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমার বোন সন্দ্বীপের হারামিয়া এলাকায় শ্বশুরের গ্রামের বাড়িতে থাকতেন। আর তাঁর শ্বশুর-শাশুড়ি থাকতেন হালিশহরে। ঘটনার তিন সপ্তাহ আগে শাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তাঁকে হালিশহরের বাসায় আনা হয়। গত ২৪ মে দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে জানান, আমার বোন খুব অসুস্থ।’ববিতার অসুস্থতার খবর পেয়ে তাঁর ভাই রাসেল, চাচা মোহাম্মদ ইসলাম ও ফুফু রেশমা বেগম সন্দ্বীপ থেকে ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সেখানে পৌঁছে তাঁরা ববিতাকে খুঁজে পান লাশঘরে। চমেক হাসপাতাল থেকেই ববিতার শ্বশুর ও ননদের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার পরদিন রাসেল বাদী হয়ে নগরের হালিশহর থানায় গ্রেপ্তার হওয়া দুজন ও ববিতার শাশুড়িকে আসামি করে একটি হত্যা মামলা করেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, ববিতার স্বামী মো. বেলাল উদ্দিন সৌদি আরবপ্রবাসী। ২০০৫ সালে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ববিতার চাচা মোহাম্মদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিয়েতে আমরা সাধ্যমতো বিভিন্ন জিনিসপত্র দিয়েছিলাম। তিনজনের উপার্জিত অর্থে দেশে জমি কেনা হয়েছে। এসব জমি যৌথভাবে তিনজনের নামেই কেনা হয়। এ নিয়ে ববিতার শ্বশুরবাড়িতে মাঝেমধ্যে বিবাদ হতো।’ঘটনার দিন রাতে রাসেল ও ইসলাম ববিতার শ্বশুরবাড়িতে যান। সেখানে ববিতার মেয়ে তাহিমা খান প্রেমার সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ইসলাম। তিনি বলেন, ‘ববিতার শ্বশুরবাড়ির লোকজন বলেছিল, বাথরুমে গিয়ে ববিতা স্ট্রোক করেছে। পরে বাথরুমের দরজা ভেঙে তাঁকে বের করা হয়। কিন্তু পুলিশসহ ওই বাড়িতে গিয়ে আমরা বাথরুমের দরজা অক্ষত দেখতে পাই।’ঘটনার দিন করা ববিতার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লেখা আছে, ‘নাকে-মুখে রক্তাক্ত ফেনা দেখা যায়। থুতনির বাঁ পাশে কালচে থেঁতলানো জখম রয়েছে। আর বাঁ কানের নিচে এবং ঘাড়ের পেছন পর্যন্ত লাল-কালো মিশ্রিত দাগ দেখা যায়।’ রাসেল বলেন, ‘আমার মা এখন খুবই অসুস্থ। আমার বোনকে হারিয়েছি। এখনো পর্যন্ত ভাগনির কোনো হদিস জানি না। কোনো সত্য গোপনের জন্য তারা যদি আমার ভাগনির কিছু করে?’ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাবেদ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ববিতার মেয়ে তাহিমাকে নিয়ে আয়েশা বেগম এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার দুজনকে একবার রিমান্ডে আনা হয়েছিল। তাঁদের আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’