সিলেটে সেদিন অঝোরধারায় বৃষ্টি। আকাশে কালো মেঘ। সামনে জেলখানার উঁচু দেয়াল। হোটেল ডালাসের সামনে ছোট্ট একটি দোকানে নেপালি টুপি পরে বসে আছেন একজন মানুষ। হেসে হেসে কথা বলছেন ক্রেতাদের সঙ্গে। সেই দলে ভিড়ে যাই আমরাও, চালাই আলাপচারিতা।‘আপনার নাম?’‘শাকিল আহমদ।’‘কত দিন এখানে দোকান করছেন?’‘একানে বোছরকানেক।’‘আগে কী করতেন?’‘আগে আমার এখটা দুখান চিলো। এই দুখানের পিচনেই।’এরপর কী ধরনের ষড়যন্ত্রের কারণে সেই দোকান হারালেন, তা বললেন। আমরা প্রসঙ্গ পরিবর্তন করি।‘আপনি বিয়ে করেছেন?’‘আমি বিয়ে করেছি।’‘আপনার কয় ছেলেমেয়ে?’‘আমার অ্যাখ মেয়ে। ২৩ মাস বয়স। নাম পারিহা।’‘ফারিহা?’‘হ্যাঁ, পারিহা।’ একটু ভেবে বললেন, ‘ফারিহা’।‘ভাবি কিছু করেন?’‘না। উনি গৃহিণী।’‘আপনার বাবা-মা আছেন?’‘হ্যাঁ। তাঁরাও আমার সাথেই থাখেন।’‘আপনি কি এই দোকানের মালিক? ’‘হ্যাঁ, আমিই মালিক।’‘কেমন চলে দোকান?’‘মোটামুটি বালোই চলে।’‘দুপুরবেলায় এখানেই খান, নাকি বাসাতে যান?’‘তিন বেলাই বাসাতে খাই। মূলত মাছ-মাংসই খাই। সবজি কম খাই।’ বলে হাসেন। জানিয়ে দেন, সবজি খাওয়া ভালো, সে কথা তিনি জানেন, কিন্তু খাওয়ার প্রসঙ্গ এলেই মাছ-মাংসটাই অগ্রাধিকার পায়।‘বাসা কোথায়?’‘বাসা এই হোটেল ডালাসের পিচনেই। এই রাস্তার নাম উত্তর জেল রোড।’‘এই যে সারা দিন দোকানে বসে থাকেন, খারাপ লাগে না?’‘না। কাসটোমারদের সঙ্গে আলাফ খরতে বালো লাগে।’‘কী আলাপ করেন?’‘এখটা নিলে আরেখটা দরাইয়া দেই। এখ টাকা বাংতি না তাকলে বলি, এখটা চকলেট নিয়া যান।’‘বাসায় কখন যান?’‘বাসায় তিনটার দিকে যাই। আবার আসি। আবার রাত ১২টার দিকে যাই।’‘নেপালি টুপি সব সময় পরেন?’‘সব সময় ফরি। আমার অনেকগুলা নেফালি টুফি আছে। এখদিন একজন আমারে খইসিলো, এই টুফি ফরলে আমারে স্মার্ট দেখায়...’সেই একজন কে, মনের কোণে এই প্রশ্ন জাগলেও মানুষের গোপনীয়তার প্রতি সম্মান রেখে প্রশ্ন করি, ‘আপনার স্বপ্ন কী?’‘আমার স্বপ্ন বড় এখটা দুখান করে মানুষের সেবা করব।’‘আর একটা কথা, এই যে এবার যে বিশ্বকাপ হচ্ছে, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে সবাই খুব ব্যস্ত। আপনি কি খেলা দেখবেন?’‘না।’‘কোনো দলকে সাপোর্ট করেন?’‘সাপোর্ট খরি না।’‘তাহলে এ সময়টা খেলা না দেখেই কাটাবেন?’‘যকন সুজুক ফাব, তখন কেলা দেখব। ব্যবসা থুয়া তো কেলা দেখা যায় না।’রাত ১২টা পর্যন্ত দোকান করার পর শাকিল আহমেদের পক্ষে দিনের শেষ খেলাটি দেখা সম্ভব হবে কি না, ভাবতে ভাবতেই বৃষ্টির কান্না আরও বেড়ে যায়। মাঝে-মধ্যে মেঘের গর্জনে কেঁপে ওঠে মন। ফিরে আসার সময় দেখি, নতুন ক্রেতার সঙ্গে কী এক রসিকতা চলছে। হাসছেন দুজন।