'ব্যবসায় বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা আছে, শিক্ষায় তা নেই'
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেছেন, ব্যবসায় বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা আছে। সোনা কিনলেও তা হারিয়ে যেতে পারে। কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনা করালে অভিভাবকসহ সমাজ ও দেশ লাভবান হবে। শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই শিক্ষার প্রতি সচেতন হতে হবে।
১৭ নভেম্বর সকাল ১০টায় দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুকছড়ি উপজাতীয় আবাসিক ছাত্রাবাসের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কুতুকছড়ি আবাসিক ছাত্রাবাস চত্বরে আয়োজিত সংবর্ধনা সভার প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে তিনি ছাড়াও প্রায় সব বক্তা শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করার আহ্বান জানান।
বিশেষ অতিথি কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে আপনাদের আরও সচেতন হতে হবে। ছেলেমেয়েদের শিক্ষার উন্নতি হতে এলাকার মুখ উজ্জ্বল হবে।
রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, আবাসিক ছাত্রাবাসে যেসব ছাত্রছাত্রী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে, তারা সবাই জেলার দুর্গম এলাকা থেকে আসা দরিদ্র অথবা এতিম। প্রাথমিক সমাপনীর পর তাদের শিক্ষার সুযোগ নিয়ে সবার চিন্তাভাবনা করা প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুদর্শী চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ডেভিড চাকমা। তিনি বিদ্যালয় ও আবাসিক ছাত্রাবাসের সমস্যা তুলে ধরেন।