ধারণা করুন তো, ব্রিটিশদের সবচেয়ে অপছন্দের শব্দ কোনটি? হয়তো ‘ব্রেক্সিট’সহ নানা শব্দ মাথায় ঘুরপাক খাচ্ছে। আশ্চর্যজনকভাবে ব্রিটিশরা নিজেদের নামটাই অপছন্দ করে সবচেয়ে বেশি। ‘ব্রিটিশ’ শব্দটা তাদের অপছন্দের তালিকায় শীর্ষে। অক্সফোর্ড ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের (ওইউপি) একটি জরিপের প্রথম পর্যায়ে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার ‘ওয়ানওয়ার্ডম্যাপ’ শীর্ষক এই জরিপ শুরু করেছে ওইউপি। বৈশ্বিক এই জরিপের উদ্দেশ্য, ইংরেজি ভাষায় মানুষের সবচেয়ে কম পছন্দের শব্দটি খুঁজে বের করা। জরিপ শেষে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ ও দেশভেদে প্রকাশ করা হবে সবচেয়ে অপছন্দের শব্দের এই তালিকা।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সবচেয়ে কম জনপ্রিয় শব্দের তালিকায় শীর্ষে আছে ‘ময়েস্ট’ বা স্যাঁতসেঁতে শব্দটি। স্পেনবাসী সবচেয়ে কম পছন্দ করে ‘হ্যালো’ শব্দটি। নেদারল্যান্ডসের মানুষ যুদ্ধ কিংবা ভালোবাসা—কোনোটাই পছন্দ করে না। তাই তাদের অপছন্দের তালিকায় শীর্ষে আছে ‘ওয়ার’ এবং ‘লাভ’ শব্দ দুটি।
যুক্তরাজ্যবাসীর অপছন্দের তালিকায় ব্রিটিশ-এর পরেই আছে ব্রেক্সিট। এরপর আছে ‘নো’ অর্থাৎ না, ‘ময়েস্ট’ অর্থাৎ স্যাঁতসেঁতে এবং ‘লাইক’ অর্থাৎ পছন্দ শব্দগুলো। জরিপে দেশটির অংশগ্রহণকারী ব্যক্তিদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৪। যাঁদের মধ্যে ৪৬ শতাংশ নারী।
আয়ারল্যান্ডের মানুষদের সবচেয়ে অপছন্দ ‘রেসিস্ট’ বা বর্ণবাদী শব্দটি। ধারণা করা হচ্ছে, ব্রেক্সিট ভোটের প্রতিক্রিয়া প্রভাব ফেলেছে আয়ারল্যান্ডের মানুষদের শব্দ পছন্দের ক্ষেত্রে। এ ব্যাপারে ওইউপির কনটেন্ট মার্কেটিং ম্যানেজার ডেনিয়েল ব্রাডক বলেন, ‘মানুষের পছন্দে ব্রেক্সিট ভোটের প্রভাব স্পষ্ট।’
ইউরোপ ও আমেরিকার বাইরে আফ্রিকার কয়েকটি দেশের মানুষও জরিপে অংশ নিয়েছেন। তবে সংখ্যায় তা খুবই কম। ঘানা, নাইজেরিয়া, চাদ ও জিম্বাবুয়ে থেকে একজন করে অংশগ্রহণকারী পাওয়া গেছে।
জরিপ শুরুর পর বৃহস্পতিবার বিকেল নাগাদই প্রায় ১২ হাজার শব্দ জমা পড়েছে। অংশগ্রহণকারীরা জরিপের সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিজেদের মত জানাচ্ছেন।
জরিপ প্রসঙ্গে ডেনিয়েল ব্রাডক বলেন, ‘শব্দ ও ভাষার সঙ্গে মানুষের সম্পৃক্ততা বাড়াতে আমরা সব সময় চেষ্টা করছি। আর এই চেষ্টার অংশ হিসেবেই জরিপের এই উদ্যোগ নিয়েছি আমরা।’
ওইউপি কর্তৃপক্ষ আশা করছে, লাখো মানুষ এই জরিপে অংশ নেবেন। অনেকে সাড়াও দিচ্ছেন। কেউ কেউ আবার টুইটারে তাঁদের পছন্দ শেয়ার করছেন। একজন জানিয়েছেন, তিনি ‘ক্লট’ বা ‘জমাট’ শব্দটি সবচেয়ে কম পছন্দ করেন। অপর এক ব্যবহারকারী টুইট করেছেন, তিনি ‘পাসটিউল’ বা ব্রণ শব্দটি একদমই শুনতে পারেন না। এ রকম আরও অনেক অপছন্দের শব্দের কথা জানাচ্ছেন অনেকে।
এক বিবৃতিতে ওইউপি কর্তৃপক্ষ বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জরিপে প্রাপ্ত ফল একটি অনলাইন ডেটাবেইস প্রকাশ করা হবে।