কম্পিউটারে একটি নির্দেশনা দ্রুত বাস্তবায়ন সম্ভব হলেও বুদ্ধিমত্তার সমন্বয় মানুষের মস্তিষ্কের (ব্রেইন) মতো দ্রুত সম্ভব হয় না। মানুষের মস্তিষ্ক ১৬ লাখ ৮০ হাজার মেগাহার্জ পেন্টিয়াম, যার প্রসেসিং ক্ষমতা ১০০ মিলিয়ন এমআইপিএস (মিলিয়ন কম্পিউটার ইনস্ট্রাকশন পার সেকেন্ড)। আর সর্বাধুনিক কম্পিউটার ৭০০ মেগাহার্জ পেন্টিয়াম যার প্রসেসিং ক্ষমতা চার হাজার ২০০ এমআইপিএস। মোটামুটি হিসাব থেকে পাওয়া যায়, কমপক্ষে ২৪ হাজার সর্বাধুনিক কম্পিউটার একসঙ্গে কাজ করলে মানুষের মতো প্রসেসিং ক্ষমতা অর্জন সম্ভব। এরপরও মানুষের চেষ্টার শেষ নেই। তাই লক্ষ্য এবার বর্তমানে প্রচলিত মাইক্রোপ্রসেসরগুলোর মান উন্নয়নের মাধ্যমে কম্পিউটারকে কীভাবে মানুষের মস্তিষ্কের কার্যপদ্ধতির মতো উন্নত করা যায়? সেই লক্ষ্যেই ৮ জুন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎকৌশল বিভাগে অনুষ্ঠিত হলো ‘ব্রেইন লাইক মাইক্রোপ্রসেসর’ শীর্ষক কর্মশালা। কর্মশালার প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব মালয়ের (মালয়েশিয়া) ফ্যাকাল্টি মেম্বার জিয়াউর রহমান। কর্মশালায় তিনি বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন প্রচলিত মাইক্রোপ্রসেসরগুলো কীভাবে মানুষের মস্তিষ্কের কার্যপদ্ধতির মতো উন্নত করা যায়। এ ছাড়া কর্মশালায় মাইক্রোপ্রসেসরের কর্মপদ্ধতির সঙ্গে মস্তিষ্কের কার্যপদ্ধতির পার্থক্যও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটারকৌশল বিভাগের ডিন রফিকুল আলম। অতিথি ছিলেন কম্পিউটারকৌশল বিভাগের প্রধান ইব্রাহীম খান। কর্মশালার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী দেলোয়ার হোসেন।