লেখা: মাসউদ ফোরকান আঁকা : রোমেল বড়ুয়া

২০১৭ সালে এক বড় ছেলে দিয়ে বাজিমাত করেছিলেন তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সেটাতে বড় ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন দেশি অভিনেতা অপূর্ব। কিন্তু এবার আরিয়ান জানালেন, ‘বড় ছেলের পরের পর্বে অভিনয় করবেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো!’
দেশে এত ভালো ভালো অভিনেতা থাকতে সুদূর পর্তুগাল কেন? আরিয়ান বললেন, ‘রোনালদোর মাঝে আমি মধ্যবিত্ত পরিবারের পোড়খাওয়া, সংগ্রামী বড় ছেলেকে খুঁজে পেয়েছি। ও একাই রাশিয়া বিশ্বকাপে দলটাকে বয়ে বেড়াচ্ছে। হ্যাটট্রিক করে দলের পরাজয় ঠেকাচ্ছে। বড় ছেলের ভূমিকায় ওর থেকে ভালো আর কেউ হয় না।’
বিশ্বকাপে ব্যস্ত থাকায় প্রথমে রোনালদোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে ফেসবুকে আমরা কথা বলেছি রোনালদোর সঙ্গে। পর্তুগালের অধিনায়ক দারুণ উচ্ছ্বসিত ‘বড় ছেলে’র ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়ে। মেসেঞ্জারে আবেগময় ইমো দিয়ে তিনি বলেন, ‘জীবনে অনেক কিছু পেয়েছি। গোল দিলেও আমার পেট ভরে না, খিদেটা থেকেই যায়। তার মাঝে এই প্রস্তাব আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ হয়ে এসেছে। আর আমার চরিত্রের সঙ্গে পুরোপুরি মিল থাকায় “বড় ছেলে”র ভূমিকায় আমি ভালো করব বলে বিশ্বাস করি।’
বিশ্বকাপ শেষ হলেই বড় ছেলের শুটিং শুরু হবে বলে জানা গেছে। কিছু দৃশ্য রাশিয়াতেও শুট করা হতে পারে—এমনটা জানিয়েছেন পরিচালক।