'বড় সংসারে অসুবিধাই বেশি'

তখন বিকেল চারটা। তখনো দুপুরের খাবার খাননি চানবানু বেগম (৪০)। সময়মতো খাবারদাবার শেষ করতে পারলেন না কেন? জানতে চাইলে জানালেন, নয় সদস্যের সংসার। পরিবারে কাজ আর কাজ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কোনো কাজই গুছিয়ে করতে পারছেন না তিনি। এভাবেই প্রতিদিন তাঁর জীবনসংগ্রাম চলছে।
চানবানু বেগমের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামে। ২৫ মার্চ কথা হয় চানবানুর সঙ্গে তাঁর বাড়িতে। লম্বায় ১৮ হাত, প্রস্থে আট হাত, এমন একটি টিনশেড ঘরে বসবাস করছে চানবানুর পরিবার।
চানবানুর সঙ্গে কথা হয় তাঁর পরিবার নিয়ে। তিনি জানান, ২১ বছর আগে তাঁর বিয়ে হয়। ঘরে একে একে এসেছে দুই ছেলে ও পাঁচ মেয়ে। স্বামী-স্ত্রী মিলিয়ে নয়জনের সংসার। চানবানুর স্বামী নুরুল ইসলাম পেশায় দিনমজুর। অন্যের জমি চাষাবাদ করেন। সন্তানদের মধ্যে বড় তাঁর মেয়ে আলিমা বেগম (২০)। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এক বছর আগে তাঁর বিয়ে দেওয়া হয়েছে। বড় ছেলে জহিরুল ইসলাম (১৮) একটি রেস্তোরাঁয় চাকরি করেন। বাকি সব সন্তানের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে। স্কুলের সময়টা ছাড়া বাকি সময়টুকু সংসারের কাজে ব্যস্ত থাকতে হয় সন্তানদের।
জানতে চাই, সংসার ছোট রাখেননি কেন?
চানবানুর উত্তর, কীভাবে ছোট রাখব। আমার একার ইচ্ছায় কি কিছু হইছে?
এত বড় সংসার সামলান কী করে?
কী করব, আল্লাহর ইচ্ছায় সংসার বড় হয়ে গেছে, এখানে কারও হাত নেই। আল্লাহ খাওয়াচ্ছেন।
সংসার বড় হওয়ায় কী কী সুবিধা আর অসুবিধা হচ্ছে জানতে চাইলে বলেন, ‘বড় সংসারে অসুবিধাই বেশি। ঠিকমতো কিছুই হয় না। সব সময়ই অভাব-অনটন লাইগা আছে সংসারে।’
চানবানু জানান, তাঁর স্বামী একা এত বড় সংসার চালাতে পারছেন না। এ ছাড়া প্রায়ই তার শরীর-স্বাস্থ্য ভালো থাকে না। যে কারণে নারী হয়েও তাঁকে গ্রামের মাঠে গিয়ে কৃষিকাজ করতে হয়। আজ যদি ছোট সংসার হতো তাহলে এত সংগ্রাম করতে হতো না। ছেলেমেয়েদের ঠিকমতো দেখাশোনা বা লেখাপড়া করাতে পারতেন। এখন তো জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে।
চানবানু আরও জানান, সংসারে অভাবের কারণে অনেক সমস্যা হচ্ছে। স্বপ্ন ছিল বড় ছেলে পড়াশোনা করে বড় মানুষ হবেন। কিন্তু এ ছেলে গ্রামের স্কুলে মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর্থিক সংকটের কারণে পড়াশোনা আর এগোয়নি তাঁর। অভাব ঘুচাতে তাঁকে ঢাকায় একটি রেস্তোরাঁয় কাজে পাঠানো হয়। তারপরও এত বড় সংসারে অভাব-অনটন লেগেই আছে।
মাঠপর্যায়ে সরকারের স্বাস্থ্য বিভাগের লোকজন বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগের লোকজন কাজ করছেন। তাঁরা সবাইকে সংসার ছোট রাখতে উৎসাহ ও পরামর্শ দিচ্ছেন। তাঁদের কেউ কি আপনাকে সংসার ছোট রাখতে বলেননি?
চানবানু বলেন, আমার বিয়ে হয়েছে ২১ বছর। এত বছরে কেউ আমার কাছে আসেনি। আমরা যদি সরকারি লোকের পরামর্শ পাইতাম, তাইলে কি সংসার এত বড় হইত? কী করব এখন। সবই আল্লাহর ইচ্ছে। তিনি যেমন সন্তানাদি দিয়েছেন, তিনিই এখন লালন-পালন করছেন। সব আমি আল্লাহর ওপর ছাইড়া দিছি।