জন্ম থেকেই দুই হাতের দুই কবজি নেই। পিঠ বাঁকা করে দুই হাতের কনুইতে কলম গুঁজে লিখছে সে।আমার অবাক দৃষ্টি দেখে তার সহজ উত্তর—আমি নাম লিখতে পারি। এ বি সি ডি, অ আ ক খ—সব লিখতে পারি। দেখবেন? বলেই আবারও লিখতে শুরু করে দেয় সাত বছরের জেরিন।পিঠে ব্যথা করে না?—হুম, আগে করত, এহন করে না। আমি এহন এমনেই লিখি।বড় হয়ে কী হতে চাও?—‘সবাইরে পড়ামু। আমাকে যেমনে ম্যাডাম পড়ায়, আমিও ম্যাডামের মতো বাচ্চাগো পড়ামু। বড় হইয়া ম্যাডাম হমু।’ অর্থাৎ বড় হয়ে শিক্ষক হতে চায় জেরিন। এখনই ছোট ভাই বায়েজিদকে পড়ায় জেরিন। নিজে স্কুলে যা শিখে আসে, তা-ই ছোট ভাইকে পড়ায় সে। যদিও ছোট ভাই ভারি দুষ্টু বলে অভিযোগ জেরিনের,‘বায়েজিদে পড়বার চায় না, খালি দৌড়ায়।’জেরিনের হাতের কবজি নেই। শারীরিক প্রতিবন্ধী এই শিশুর ডান পায়ের পাতা ও বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ নেই। তাই অন্য শিশুদের খেলা দেখতেই ভালো লাগে বলে জানায় জেরিন। নিজে থেকেই বলে, ‘আমারে খেলায় নিব কে? আমার তো হাত-পাও নাই। তয় বইসা খেলা দেখনের মজা আছে।’পড়াশোনা খুব পছন্দ করে জেরিন। প্রতিদিন তার স্কুলে যাওয়া চাই-ই। মা নিয়ে যেতে না পারলেও নিজে নিজেই স্কুলের পথে রওনা দেয়। ইতিমধ্যে ইংরেজি-বাংলা ভাষার সব বর্ণ শিখে গেছে জেরিন। লিখতেও পারে। চাঁদপুর জেলার কচুয়া থানার ছোট্ট গ্রাম আশরাফপুরে বাস জেরিনের। গ্রামের ডা. আমিন হোসেন মডেল একাডেমিতে পড়তে যায় সে। শিক্ষকদের ভালোবাসা আর মমতায় শিশু জেরিন আজকে লিখতে জানে। কিন্তু জেরিনের শিক্ষার খরচ তো দূরের কথা, সামান্য হুইলচেয়ার কিনে দেওয়ার সামর্থ্যও তাঁর পরিবারের নেই।বর্গাচাষি বাবা বাবুল হোসেন হতাশ কণ্ঠে বলেন, ‘একসময় বিদেশে কাজ করতাম। টাকাপয়সা যা ছিল, সবই দেশে পাঠিয়ে ভাইদের বড় করছি। দেশে ফিরে এখন নিজেই বেকার। এর-ওর মাঠে বর্গা খাইটা সংসার চালাই। এর ওপর মাইয়া পঙ্গু। এরেও তো ফালাইতে পারুম না।’জেরিনের মা জান্নাতুল ফেরদৌস জানান, জেরিনের জন্মের পর আশপাশের সব গ্রামের মানুষ ঝেঁটিয়ে এসেছিল, হাত-পা ছাড়া মেয়েকে দেখতে। কেউ কেউ বলেছেন, মেয়েকে ফেলে দিতে। কেউবা মায়ের পাপের কারণে এমন সন্তানের জন্ম—এসব কথাও বলেছেন। জেরিনের মা অপয়া, তাই বিকলাঙ্গ মেয়ের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেছিলেন অনেকে। তবে দুই বছর পর সম্পূর্ণ সুস্থ পুত্র বায়েজিদকে জন্ম দেওয়াতে জান্নাতুলের বিরুদ্ধে গ্রামবাসীর এসব ‘কথা’র অবসান ঘটে। প্রতিবেশী ও বর্ষীয়ান সুজনের মায়ের ধারণা, ‘জান্নাতের (জেরিনের মা) পাপের কারণে জেরিনের এই হাল।’ তিনি প্রথম আলোকে বলেন, ‘ফরসা মাইয়ারা বিয়ার আগে চুল খুইলা বেড়াইলে জিনে আসর করে। হেগো কারণেই জান্নাতের গর্ভে দোষ হইছিল।’আরেক বর্ষীয়ান প্রতিবেশী নার্গিস (রশীদের মা) বলেন, ‘গর্ভের সময় ঠিকমতো আল্লাহ-নবীর নাম না নিলে দোষ হয়। একে তো মাইয়া, তার ওপর পঙ্গু। এইডারে বড় কইরা বিয়া দেওন যাইব?’গ্রামবাসী বা প্রতিবেশীদের সব ‘কথা’র উত্তরে মা জান্নাতুলের এক জবাব, ‘হোক পঙ্গু, কিন্তু আমার নিজের বাচ্চা। যে যা-ই কউক, জেরিনরে আমি বুকে তুইলা রাখুম।’মায়ের প্রবল মমতায় শিশু জেরিনকে স্কুলে ভর্তিও করা হয়েছে। কিন্তু তার পরও উঠতে-বসতে জেরিনের শারীরিক অক্ষমতা মাকে চিন্তিত করে তোলে। জেরিন একা একা বাথরুম ব্যবহার করে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে না। মাকেই দৌড়াতে হয়। অন্য কাজেও লাগে মায়ের সহযোগিতা।তবে এখন জেরিন একা একা খেতে শিখেছে। কিন্তু খাবারটা তার হাতের নাগালে রাখতে হয়। দুই হাঁটুর সাহায্যে জেরিন ঘষটে ঘষটে কিছুটা চলতেও পারে, কিন্তু তা বেশি দূর নয়। খেলার মাঠে জেরিন যেতে পারে না। তার খেলার সাথিও নেই। মাঝেমধ্যে ছোট ভাই বায়েজিদ খেলার মাঠের গল্প শোনায় জেরিনকে। তবে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের সাহচর্য জেরিনকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।বাড়ির ছোট ছোট দুই রুম ও লম্বা বারান্দায় একা একাই চলাফেরা করতে পারে জেরিন। বারান্দায় বসে উঠানে অন্য শিশুদের খেলা দেখে। মাঝেমধ্যে স্কুলের বন্ধু সুমি, রিয়ারা তাদের পুতুলের বাক্স নিয়ে জেরিনদের বাড়িতে বেড়াতে আসে। জেরিনের পাশে বসে তারা পুতুল খেলে, জেরিন তাকিয়ে তাকিয়ে দেখে।