‘ভাই, প্রেসারটা একটু দেখবেন!’
সকাল সাতটা। ডিসি পাহাড়ের হাঁটা পথগুলোতে (ওয়াক ওয়ে) প্রাতর্ভ্রমণে আসা নানা বয়সের মানুষের ভিড়। ঘোরানো-প্যাঁচানো সাপের মতো রাস্তা ধরে একটু উঠতেই নজরুল স্কয়ারের নামফলকের নিচে হঠাৎ চোখ আটকে যায়। সেখানে সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে কানে স্টেথোস্কোপ, হাতে রক্তচাপ মাপার যন্ত্র নিয়ে বসেছেন এক তরুণ। পাশে বসেছিলেন মাঝ বয়সী একজন ভদ্রলোক। তাঁর হাতে রক্তচাপ পরীক্ষার যন্ত্র পরিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারপর বললেন, ‘১১০ বাই ৮০। নরমালই আছে।’ কাগজে ফলাফলটা লিখে দিতে উঠে আবার হাঁটা ধরলেন ভদ্রলোক।পেছনে অপেক্ষমাণ ছিলেন আরও কয়েকজন। একজন এগিয়ে এসে বললেন, ‘সুগারটা দেখবেন?’। এভাবেই ব্যস্ত সময় কাটছে ওই তরুণের।তাঁর নাম জুয়েল মিয়া। গত শুক্রবার সকালে ডিসি পাহাড়ে কথা হয় তাঁর সঙ্গে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। তাঁর কোম্পানি ডায়বেটিস রোগীদের রক্তশর্করা মাপার যন্ত্র বাজারজাত করে। পণ্যের প্রচারের জন্য ও সকালে হাঁটতে আসা লোকজনের কাছে খানিকটা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশে প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ডিসি পাহাড়ে বসেন তিনি। প্রাতর্ভ্রমণকারীদের রক্তশর্করা ও রক্তচাপ মেপে দেন। রক্তশর্করা মাপার জন্য কেবল স্ট্রিপের খরচ হিসেবে ৪০ টাকা নেন। আর রক্তচাপ মাপার পর ১০ থেকে ২০ টাকা যে যত দেয় তা-ই নেন। এখানে হাঁটতে আসা লোকজনের কাছ থেকে জানা গেল বিভিন্ন প্রতিষ্ঠান মাঝে মাঝেই ডিসি পাহাড়ে তাদের প্রতিনিধিদের পাঠায়। হাঁটতে আসা লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করেন তাঁরা নামমাত্র মূল্যে। পণ্যের বিজ্ঞাপন হলেও এতে ভ্রমণকারীরা উপকৃতই হচ্ছেন।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মহসিন বলেন, ‘এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন আসেন। হাঁটাচলার যে কারোরই স্বাস্থ্য-সমস্যা দেখা দিতে পারে। আশপাশে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই। সরকার বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো চাইলে এখানে নিয়মিত চিকিৎসা-ক্যাম্প করতে পারে। এতে নাগরিকেরা স্বাস্থ্যসুবিধা যেমন পাবেন, তেমনি সকালে হাঁটতে আসা লোকজনও বাড়বে।’‘ভাই, আমার প্রেসারটা দেখবেন, মাথা ঝিমঝিম করছে।’ জুয়েল মিয়ার কাছে এসে নিজের হাতটা বাড়িয়ে দেন নন্দনকাননের বাসিন্দা মো. মোস্তফা। হাতে যন্ত্র লাগিয়ে মিটারের কাঁটার দিকে কিছুক্ষণ দেখে জুয়েল বললেন, ‘প্রেসারটা একটু হাই, ১২৫ বাই ৯০।’ জুয়েলের পরামর্শ, ‘কোনো চিকিৎসকের কাছে যান, আর চর্বি ও মাংস খাওয়া বাদ দিন।’ লোকটি হাঁটা ধরলেন বাসার পথে। তবে ধন্যবাদ জানাতে ভুললেন না জুয়েলকে।