'ভাই, দেইখে রাইখো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আট বছরের ছোট-বড় হলে কী হবে, দুজনে যেন হরিহর আত্মা। পল্টু ভাই-ই তাঁর সব, এখনো ভাইকে জড়িয়ে ধরে ঘুমানো চাই। এখনো ভাইয়ের কাছেই ক্রিকেট নিয়ে সব কথা। ভারতে আইপিএল খেলতে গিয়েও সুযোগ পেলেই ফোন করছেন মুস্তাফিজুর রহমান, ভাইয়ের ফোনে। পল্টু ভাইও বোঝাচ্ছেন, ইয়র্কার বেশি দিতে গিয়ে যেন ফুলটস না হয়। কী ভুলগুলো হলো গত ম্যাচে। কোন ডেলিভারিটা হয়েছে অসাধারণ।

কবুতর পোষা মুস্তাফিজুর রহমানের শখ। ছবি: শামসুল হক
কবুতর পোষা মুস্তাফিজুর রহমানের শখ। ছবি: শামসুল হক

কিন্তু তিনি, মুস্তাফিজুর রহমান, সাতক্ষীরার বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূর থেকে ফোন দেননি শুধু ক্রিকেট নিয়ে কথা বলতে। তিনি জানতে চান আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, ‘পায়রাগুলো ভালো আছে তো! বৃষ্টি নাকি হচ্ছে খুব? ঝড়ও নাকি হবে? সাত নম্বর না কী যেন বিপৎসংকেত দিয়েছে। পায়রাগুলোর ক্ষতি হবে না তো!’ পল্টু ভাই আশ্বস্ত করেন, ‘চিন্তা করিস নে। আমি যত্ন নেচ্ছি।’ মুস্তাফিজের দুশ্চিন্তা বুঝি তাতেও কাটে না। ভাইকে অনুরোধ করেন, ‘ভাই, দেইখে রাইখো।’
পল্টু আদরের ডাক। বাইরের সবাই অবশ্য মোখলেছুর রহমান নামেই চেনে তাঁকে। যে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে যাত্রা শুরু হয়েছিল মুস্তাফিজের, সাতক্ষীরার তেঁতুলিয়া থেকে কালীগঞ্জের ব্রিজগামী সেই সরু পথ ধরেই আজ মুস্তাফিজুর রহমানের বিশ্বযাত্রা। এরই মধ্যে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছেন। একদমই পরিবর্তন আসেনি, আগের মতোই আছেন—এমনটা বলা মিথ্যাই হবে। কিছু কিছু তো বদলাচ্ছেই। তবে মায়ের কাছে মুস্তাফিজ সেই আগের ছোট্টটিই আছেন, বাড়ির সবার ছোট, সবচেয়ে আদুরে। একটুতেই অভিমানে গাল ফোলানো ছোট্টটি। যে বাড়িতে, মায়ের কোলে ছুটে আসার জন্য ব্যাকুল। শহুরে চাকচিক্য নয়, তাঁকে টানে সবুজ গ্রাম। পুকুরে দাপাদাপি, আর মাছ শিকার।

মুস্তাফিজের দুটি ভীষণ শখেরই খবর দিলেন মোখলেছুর রহমান। মাছ ধরা আর পায়রা পোষা। মুস্তাফিজের পায়রার শখ হয়েছিল বছর চারেক আগে। যে বছর খুলনার বয়সভিত্তিক দলের ট্রায়াল দিয়েই জীবনের মোড় ঘুরে গেল তাঁর। সেবারই গোটা চারেক পায়রা দিয়ে শুরু করেছিলেন। সেখান থেকে বাড়তে বাড়তে একসময় ৭০-৭৫টা পায়রাও হয়ে গিয়েছিল। এখন অবশ্য আছে ৪৫টির মতো।

পায়রার ঘরে মোখলেছুর রহমান, এদের দেখেশুনে রাখার দায়িত্বও এখন তাঁর। ছবি: সাহাদাত পারভেজ
পায়রার ঘরে মোখলেছুর রহমান, এদের দেখেশুনে রাখার দায়িত্বও এখন তাঁর। ছবি: সাহাদাত পারভেজ

নতুন দোতলা বাড়ির ছাদে বানিয়ে দেওয়া হয়েছে ঘর। সেখানেই ছোট্ট খোট্ট খাঁচা আর খোপে থাকে পায়রাগুলো। প্রায় সব পায়রাই দেশি। কিছু আছে বিদেশি জাতের। এর মধ্যে চোখ কাড়ল লাক্ষা প্রজাতির পায়রাগুলো। কী সুন্দর ময়ূরের মতো ছড়ানো লেজ! গোররা প্রজাতির পায়রা আছে। স্থানীয় ভাষায় চেক আর পারভিন বলে দুই জাতের পায়রাও আছে।

আগে আরেকটা ঘরে রাখা হতো কবুতরগুলো। পরে ওদের সংসার বড় হয়েছে। মুস্তাফিজদেরও দোতলা বাড়িটা উঠে গেছে। এখন তারাও পেয়েছে নতুন ঘর। পায়রা পোষার সবচেয়ে বড় যেটা সুবিধা, সেটাই নাকি অসুবিধাও। মোখলেছুর বললেন, ‘অনেক সময় আমাদের কবুতর উড়ে গিয়ে অন্য বাড়িতে যায়। অন্য কবুতর আবার আমাদের বাড়িতেও আসে। কবুতর তো আর মুরগি না, যেয়ে বলবেন, আমাদের কবুতর ফেরত দেন। যার বাড়িতে থাকে, কবুতর তার। তবে ওরাও আদর বোঝে। যত্ন করলে বাড়ি ছাড়বে না। তবু চলে যায় একটা-দুটো।’

এটা মুস্তাফিজেরও দুশ্চিন্তা। চলে গেল না তো! এর জন্যই বারবার খোঁজ নেওয়া। কবুতর তাঁর এমনই প্রিয়, একবার বিকেএসপিতে খেলতে গিয়ে দেখেন, সেখানে গাছে গাছে কবুতরের বাসা। পল্টু ভাইয়ের দৃষ্টিও আকর্ষণ করলেন। সেজো ভাই বুঝিয়ে দিলেন, এগুলো পোষা কবুতর নয়। নিজেরাই গাছে গাছে বাসা বানিয়ে থাকে।

আইপিএল খেলতে গিয়ে এবার একটা হোটেলে গিয়ে মুস্তাফিজ দেখেন, অনেক কবুতর! পাঁচ তারকা হোটেলে এই জিনিস দেখবেন, আশাই করেননি। আর কবুতরগুলোও নাকি মানুষ ভয় পায় না। কী সুন্দর ঘুরে বেড়ায়। ওদের রাখার জন্য টবের মতো পাত্রও নাকি সাজিয়ে রাখা আছে হোটেলে।

আইপিএল খেলতে গিয়ে শহর থেকে শহরে ঘুরছেন। ভারতের বড় বড় শহর আর অট্টালিকাও দেখা হচ্ছে। নানা দর্শনীয় স্থানও। কিন্তু মুস্তাফিজের কাছে জানতে চাইলে হয়তো এখন পর্যন্ত দেখা সবচেয়ে প্রিয় দৃশ্যের মধ্যে এই কবুতরের কথাই বলবেন!