'ভাই পেল কবরের মাটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত মাস ধরে বহন করা কষ্ট কিছুটা হলেও কমে এল। শেষ পর্যন্ত আমরা আমাদের ভাইয়ের লাশ পেলাম। ভাই কবরের মাটি পেল, এখন শান্তি লাগছে।’

বলছিলেন এমভি হোপ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী ও আনোয়ারার গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা মো. নেজাম উদ্দিনের (৩২) বড় বোন ছেমন আরা (৩৬)। গত বছরের ৪ জুলাই বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি হোপ আন্দামান সাগরে ডুবে গেলে নিখোঁজ হন নেজাম। পরে ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে স্থানীয় জেলেরা নেজাম উদ্দিন ও আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাঁদের লাশ শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার তাঁদের লাশ দেশে আনা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুয়াপঞ্চক গ্রামে গিয়ে দেখা গেছে, নেজামের বাড়িতে শোকার্ত আত্মীয়স্বজন ও গ্রামবাসী ভিড় করেছেন। নিহতের স্বজনের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে নেজামের লাশ পৌঁছায়। শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় নেজামের পিতা নুর মোহাম্মদ বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে সন্তানের লাশ কাঁধে নেওয়া, আজ সে কষ্টটাই আমাকে পেতে হলো।’

নেজামের ভাই মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘সাত মাস ধরে ভাইয়ের লাশের অপেক্ষায় কেটেছে। এ সময় আমাদের পরিবারের ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে তা বলে বোঝানো যাবে না।’

নেজামের বড় বোন শামিম আরা বলেন, ‘খুব আশা ছিল ভাইয়ের বিয়ে দেব ধুমধাম করে। সে জন্য প্রস্তুতিও ছিল। কিন্তু কী থেকে কী হয়ে গেল।’

নগরের হালিশহর থেকে গিয়ে জানাজায় উপস্থিত হন দুর্ঘটনা কবলিত জাহাজের বেঁচে যাওয়া নেজামের সহকর্মী প্রকৌশলী মোবারক আলী। তিনি বলেন, ‘আমি সবার শেষে জাহাজ থেকে ঝাঁপ দিই। ঝাঁপ দেওয়ার আগে বারবার তাঁকে জাহাজ থেকে নামতে বলি। এ সময় তিনি একটি রশি ও লাইফ জ্যাকেট খুঁজতে গিয়ে বিপদে পড়ে যান। অসাধারণ মানুষ ছিলেন নেজাম।’

জানা গেছে, নেজাম উদ্দিন কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও বিএএফ শাহিন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে নাবিক হিসেবে প্রশিক্ষণ নেন। ২০০৭ সালে জাহাজে যোগদান করেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে নেজাম সবার ছোট।

প্রসঙ্গত, এমভি হোপ জাহাজের নয়জন নাবিককে জীবিত উদ্ধার করা হলেও বাকি আটজনের মৃত্যু হয়। এর মধ্যে চারজন এখনো নিখোঁজ।