‘ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য অন্তত ১০ দিন আগে ১০ লাখ টাকা বরাদ্দ হলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সংস্কারকাজ করেননি। মাতামুহুরীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বেড়িবাঁধে এ ভাঙা অংশ দিয়ে ঢুকছে। ভাঙা বেড়িবাঁধ মানুষের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের নারী সদস্য হাসিনা বেগম।
চকরিয়া ও পেকুয়া উপজেলা আবারও বন্যার কবলে পড়েছে। টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে দুই উপজেলার ১৬টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার দুটি স্থানে অন্তত ৫০০ ফুট ও ছিরাদিয়া এলাকায় ১০০ ফুট বেড়িবাঁধ ভাঙা রয়েছে। এসব ভাঙা অংশ দিয়ে মাতামুহুরীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল লোকালয়ে ঢুকে পড়ছে। এতে উপজেলা পরিষদ, থানা ভবন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পেকুয়া সদর ইউনিয়নের ৩০টি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, পেকুয়া সদর ইউনিয়নে সাধারণত বন্যা হয় না। গত জুন মাসের বন্যায় মেহেরনামা এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় মাতামুহুরী নদীর পানি সোজা লোকালয়ে ঢুকে পড়ছে। এসব ভাঙা বেড়িবাঁধ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব পাশে (মেহেরনামা এলাকার) ভাঙা বেড়িবাঁধ সংস্কার না করে পশ্চিম পাশের (ছিরাদিয়া এলাকার) বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। এখন পূর্ব পাশ দিয়ে পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা পশ্চিম পাশের মেরামত করা বেড়িবাঁধ কেটে দিয়েছেন। ওই টাকা এখন জলে গেল।
এদিকে গত শনিবার দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত রোববার রাতে বিএমচর ইউনিয়নের কন্যারকুম এলাকায় বেড়িবাঁধ ভেঙে বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা ও সাহারবিল ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও জোয়ারের পানির তোড়ে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা ও বিএমচর ইউনিয়নের কন্যারকুম বেড়িবাঁধ আবারও ভেঙে গেছে। এতে ছয়টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে।
ভাঙা বেড়িবাঁধ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘চকরিয়ার সওদাগর ঘোনা এলাকার ভাঙা বেড়িবাঁধের সংস্কারকাজ এক সপ্তাহ আগে শেষ হয়েছে। মাটি কাঁচা থেকে যাওয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতে শনিবার দুপুরে সেটি ভেঙে গেছে। এ ছাড়া পেকুয়ার মেহেরনামা বেড়িবাঁধের জন্য তিন-চার দিন আগে বরাদ্দ পেয়েছি। বরাদ্দ পেয়েই শনিবার সকাল থেকে কাজ শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু বন্যা শুরু হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। বৃষ্টি কমলেই ভাঙা বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করা হবে।’