'ভারতীয় নারী যেই দুনিয়ায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘৪৬ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক নিশা পাহুজা বলেন, দৃশ্যতই সুন্দরী প্রতিযোগিতার ভোগবাদিতার কাঠামো এবং ডানপন্থী হিন্দুগোষ্ঠীগুলোর মৌলবাদী কাঠামোর সহাবস্থান আছে ভারতে’। ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।
‘৪৬ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক নিশা পাহুজা বলেন, দৃশ্যতই সুন্দরী প্রতিযোগিতার ভোগবাদিতার কাঠামো এবং ডানপন্থী হিন্দুগোষ্ঠীগুলোর মৌলবাদী কাঠামোর সহাবস্থান আছে ভারতে’। ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।

মুম্বাইয়ে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রশিক্ষণ শিবিরে এক তরুণীর মুখাবয়ব পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর চোয়ালে একটা বোটক্স ইনজেকশন দেওয়ার পরামর্শ দিলেন এক নারী কসমেটিক সার্জন। আর মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে আওরঙ্গাবাদ শহরে বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রশিক্ষণ শিবিরে আরেক মধ্যবয়সী নারী ভারতমাতার প্রয়োজনে নিজেদের জীবন উত্সর্গ করার আহ্বান জানিয়ে বক্তৃতা দিলেন একদল কিশোরীর সামনে। কিন্তু এই দুই প্রশিক্ষণ শিবিরের ঘটনা থেকে কি ভারতীয় নারীর সামনে থাকা দুনিয়াকে বোঝা যাবে? ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ বা ‘সে যেই দুনিয়ায়’ শিরোনামের এক প্রামাণ্যচিত্রে এই প্রশ্নেরই জবাব খুঁজেছেন পরিচালক নিশা পাহুজা। ভারতে আগামী মাসে চলচ্চিত্রটির মুক্তি এবং দেশটিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থান প্রসঙ্গে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের ইন্ডিয়া ইনসাইটের সঙ্গে কথা বলেছেন চলচ্চিত্রটির পরিচালক।

 ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ প্রামাণ্যচিত্রের কাহিনি এগিয়েছে নারীদের দুই প্রশিক্ষণ শিবিরের ভেতরের ঘটনাপ্রবাহ এবং তার সামাজিক-রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে অবলম্বন করে। একটা ভারতের বার্ষিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া’র প্রশিক্ষণ শিবির। একটা উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নারী শাখা—দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবির।

 পরিচালক নিশা পাহুজা বলেছেন, তিনি এমন একটা চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন যেখানে আপাত অর্থে ভিন্ন মেরুর মনে হলেও ওই দুই জগতের নারীদের সাধারণ মিলের গল্প তুলে আনতে পারবেন তিনি। কিন্তু তাঁদের মধ্যে মিলটা কোথায়? তিনি নিজেই বলেন, নারীদের সব সময়ই বলা হয় যে তাঁরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন নন—তা তাঁদের শারীরিক গঠনের বিচার-বিবেচনাতেই হোক কিংবা সরাসরি পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকার লড়াইয়েই হোক। এই চলচ্চিত্রকার বলেন, ‘আর এটা আরও ভয়ংকর হয়ে উঠেছে এই কারণে যে এ দুই-ই চরম দৃষ্টিভঙ্গি এবং এরা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এটাই ভীতিকর। এগুলো পশ্চাত্মুখী আদর্শ হলেও প্রগতিশীলতার নামেই এরা চলছে। এরা একটা ধুয়ো তুলবে এবং মানুষ আর সেই ধুয়োর বাইরে কিছুই দেখতে পাবে না।’

বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে বলা হচ্ছিল, ‘তোমরা কীভাবে পাঁচ হাজার বছরের ইতিহাসের সাক্ষ্যকে অস্বীকার করবে যে তোমরা দুর্বল লিঙ্গের? সম-অধিকার চাওয়া বন্ধ করো।’ ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।
বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে বলা হচ্ছিল, ‘তোমরা কীভাবে পাঁচ হাজার বছরের ইতিহাসের সাক্ষ্যকে অস্বীকার করবে যে তোমরা দুর্বল লিঙ্গের? সম-অধিকার চাওয়া বন্ধ করো।’ ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।

এই প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, আওরঙ্গাবাদ শহরে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে শাড়ি পরা মধ্যবয়সী এক নারী কিশোরীদের উদ্দেশে বলছেন, ‘তোমরা কীভাবে পাঁচ হাজার বছরের ইতিহাসের সাক্ষ্যকে অস্বীকার করবে যে তোমরা দুর্বল লিঙ্গের? সম-অধিকার চাওয়া বন্ধ করো।’ ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত হয়ে সামরিক কায়দায় সার বেঁধে দাঁড়িয়ে থাকা মন্ত্রমুগ্ধ কিশোরীদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন ওই প্রশিক্ষক নারী। দুর্গা বাহিনীর ওই কিশোরীদের আত্মরক্ষার কৌশল হিসেবে মার্শাল আর্ট এবং বন্দুক চালনারও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর ওই কিশোরীদের বলা হয়ে থাকে যে ‘ইসলাম ও খ্রিষ্টান ধর্মের হুমকি’ থেকে হিন্দুত্ববাদকে বাঁচাতে হলে এই দক্ষতাগুলো খুবই দরকারি।

 আওরঙ্গাবাদে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবিরের সমান্তরালেই চলতে থাকে মুম্বাইয়ে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণীদের প্রশিক্ষণ শিবিরের ঘটনাপ্রবাহ। সুন্দরী প্রতিযোগিতার এই শিবিরে অংশ নেওয়া ১৯ প্রতিযোগীর শারীরিক কাঠামোর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণ চলতে থাকে। তরুণীদের বুক-পিঠ-পেট-কোমরের মাপজোখ ঠিকঠাক করা এবং চোখ-মুখে প্রয়োজনে নানা কসমেটিক সার্জারিও করা হয় সেখানে। সুন্দরী প্রতিযোগিতার আদর্শ মানদণ্ডে জেতার জন্য প্রয়োজনীয় এসব কাণ্ডকারখানায় অনেক ক্ষেত্রেই অস্বস্তিতে পড়তে হয় প্রশিক্ষণ শিবিরের তরুণীদের।

 ৪৬ বছর বয়সী নিশা পাহুজা বলেন, দৃশ্যতই সুন্দরী প্রতিযোগিতার ভোগবাদিতার কাঠামো এবং ডানপন্থী হিন্দুগোষ্ঠীগুলোর মৌলবাদী কাঠামোর সহাবস্থান আছে ভারতে। ভারতে লোকসভা নির্বাচনের কয়েক দিন আগে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এই মুহূর্তে উভয়ই জয়ী হচ্ছে, কেননা তারা ক্ষমতায় আসছে।’ নির্বাচনে বিজেপির বিজয়ের সম্ভাবনার প্রতি ইঙ্গিত করেই তিনি এ কথা বলেছিলেন।

 পাহুজা যে দমনমূলক ও পশ্চাত্মুখীন আদর্শের কথা তুলে ধরতে চেয়েছেন তা স্পষ্টতই ফুটে উঠেছে মুম্বাইয়ের সুন্দরী প্রতিযোগিতার প্রশিক্ষণ শিবির এবং দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে। প্রামাণ্যচিত্রটিতে দেখা যায় দুর্গা বাহিনীর সদস্য এক কিশোরী গর্বের সঙ্গে বলছেন, তাঁর কোনো মুসলিম বন্ধু নেই এবং কখনোই কোনো মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবেনও না তিনি। ওই কিশোরীর সঙ্গীরা তখন সমবেতভাবে স্লোগান দিচ্ছিলেন, ‘কাশ্মীর মাঙ্গো তো ছেড় দেঙ্গে।’ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ প্রসঙ্গে পাকিস্তানকে উদ্দেশ করে দেওয়া ওই স্লোগানের অর্থ, ‘কাশ্মীর চাইলে তোমাদের ছিঁড়ে ফেলব।’

‘“দ্য ওয়ার্ল্ড বিফোর হার”-এর নারীরা বিশেষ এবং তাঁদের কথা আমাদের অবশ্যই শোনা প্রয়োজন। বিশেষত দিল্লিতে গণধর্ষণের পর যখন আমরা বুঝতে পারছি যে ভারতের অনেক নারীই কতটা নাজুক অবস্থায় আছেন।’ ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।
‘“দ্য ওয়ার্ল্ড বিফোর হার”-এর নারীরা বিশেষ এবং তাঁদের কথা আমাদের অবশ্যই শোনা প্রয়োজন। বিশেষত দিল্লিতে গণধর্ষণের পর যখন আমরা বুঝতে পারছি যে ভারতের অনেক নারীই কতটা নাজুক অবস্থায় আছেন।’ ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবির দৃশ্য।

২০০৮ সালে প্রামাণ্যচিত্রটি নির্মাণের কাজ শুরু করেন কানাডায় জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত নারী নিশা পাহুজা। কিন্তু ছবির কাজ শেষ করতেই চার বছর লেগে যায়। ২০১২ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রাথমিক মুক্তি দিয়ে কয়েকটি চলচ্চিত্র উত্সবে দেখানো হলেও এখনো ভারতে মুক্তি পায়নি ৯০ মিনিটের প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’। ওই বছরই ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরা ফিচার’ পুরস্কার পায় প্রামাণ্যচিত্রটি। ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ ছবিটির প্রচারকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী ৬ই জুন ২০১৪ দিল্লি, মুম্বাই, কলকাতা, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 অনলাইনে প্রামাণ্যচিত্রটির এক প্রচারণা ভিডিয়োতে বলা হয়েছে, ‘“দ্য ওয়ার্ল্ড বিফোর হার”-এর নারীরা বিশেষ এবং তাঁদের কথা আমাদের অবশ্যই শোনা প্রয়োজন। বিশেষত দিল্লিতে গণধর্ষণের পর যখন আমরা বুঝতে পারছি যে ভারতের অনেক নারীই কতটা নাজুক অবস্থায় আছেন।’ ভারতের বড় নগরগুলোর সিনেমা হলের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজেও প্রামাণ্যচিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজনের চিন্তা করছেন প্রযোজকেরা।

 মুম্বাইয়ের একটি স্বনামধন্য কলেজে সম্প্রতি প্রামাণ্যচিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর পর পরিচালক নিশা পাহুজাকে দুর্গা বাহিনী নিয়ে নানান প্রশ্নবাণে জর্জরিত করেন শিক্ষার্থীরা। কিন্তু মুম্বাইয়ে সুন্দরী প্রতিযোগিতার প্রশিক্ষণ শিবির নিয়ে বলতে গেলে কোনো প্রশ্নই আসেনি তাঁর কাছে। এ প্রসঙ্গে পাহুজা বলেন, ‘নারীদের এভাবে নৈর্ব্যক্তিকভাবে দেখাটাও একই রকম বিপজ্জনক। কিন্তু সম্ভবত শহুরে-ভারতে আমরা এতে (সুন্দরী প্রতিযোগিতা) অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। তাই এটা আমাদের অতটা চোখে লাগে না। কিন্তু আমার কাছে ভারতীয় নারীর ভাবমূর্তির প্রশ্নে দুইই সমানভাবে আপত্তিকর।