প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ভ্রমণকাহিনি সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে এবং খড়িমাটি থেকে প্রকাশিত ছোটদের জন্য লেখা কবি ওমর কায়সারের গল্পের বই পরি ও জাদুর তুলি নিয়ে পাঠ পর্যালোচনা অনুষ্ঠান হয়ে গেল গত শুক্রবার সন্ধ্যায় সার্সন রোডের হাটখোলা মিলনায়তনে।
লেখিকা আনোয়ারা আলমের সভাপতিত্বে হাটখোলার আয়োজনে এ অনুষ্ঠানের শুরুতে কবি ইউসুফ মুহম্মদ তাঁর স্বাগত বক্তব্যে দুই লেখকের পরিচিতি তুলে ধরেন।
সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে বইটির ওপর আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক বাদল সৈয়দ এবং পরি ও জাদুর তুলি বইটির ওপর আলোচনা করেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ।
বাদল সৈয়দ তাঁর আলোচনায় বলেন, ‘ফারুক মঈনউদ্দীনের সবচেয়ে বড় গুণ হলো, তিনি শুধু ভ্রমণ করেননি, বরং ভ্রমণের জায়গাগুলো আত্মস্থ করেছেন। সেগুলোর ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। আমরা ভ্রমণে যাই, উপভোগও করি, কিন্তু উপলব্ধি করি না। ফারুক সেটি করেছেন এবং পাঠকদের উপহার দিয়েছেন। এ কারণেই তাঁর ভ্রমণকাহিনি শুধু ভ্রমণেই সীমাবদ্ধ থাকেনি, তা গবেষণার দ্যুতিতেও উজ্জ্বল। সবচেয়ে বড় কথা, তাঁর বুদ্ধিভিত্তিক চর্চা বইটিকে ভারাক্রান্তও করেনি। তিনি ভ্রমণ ও ইতিহাস দুটোকেই ভাষার সাবলীলতায় গেঁথে ফেলেছেন। এটি বড় সাফল্য।
রাশেদ রউফ তাঁর আলোচনায় বলেন, ছোটদের জন্য ওমর কায়সার এক অপরূপ জগৎ তৈরি করতে পারেন। রূপকথা আর বাস্তবতার মিশেলে এই জগৎটি শিশুদের মনের জানালা খুলে দেয়। তিনি ছোটদের মনস্তত্ত্ব ভালো করে বোঝেন এবং তাদের মনের ইচ্ছাগুলোকে গল্পে বাস্তবায়ন করেন। বইয়ের প্রথম গল্প ‘কথা’। এটি পুরোপুরি ছড়ার ছন্দে লেখা। ছড়া আর গল্পের সমন্বয় করা এ লেখাটি অতুলনীয়।
ফারুক মঈনউদ্দীন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ভ্রমণ আমি শুধু নিজের জন্য করি না। ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমি পাঠকদের কাছে ভাগ করে দিতে চাই। আর একটা দেশের বর্তমান দেখার পাশাপাশি পাঠকদের নিয়ে সেই দেশের ইতিহাসটাতেও ঘুরিয়ে আনি। দেখাই ভূগোল।’
ওমর কায়সার বলেন, ‘ছোটদের উদ্দেশে বলতে বলতে আমি গল্পগুলো লিখেছি। ছোটরা যেমনটি শুনতে ভালোবাসে, তেমনটিই লিখে ফেলেছি।’
সভাপতি আনোয়ারা আলম বই দুটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। তিনি বলেন, ভালো বই পাঠকের মনের জানালা খুলে দেয়। ছোটদের জন্য লেখা পরি ও জাদুর তুলি ছোটদের মন জাগাবে আর সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে পাঠকদের জন্য জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন খড়িমাটির সম্পাদক কবি মনিরুল মনির এবং উপস্থিত পাঠকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আহমেদ মওলা।