‘ভালো করবে চিটাগং কিংস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং কিংস। বিপিএলের সবচেয়ে দামি দল। নিলামে ততটা সুবিধা করতে পারেনি, সেটা আগেই বলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী এই দলটি পড়েছে খেলোয়াড়-সংকটে। ওয়েস্ট ইন্ডিজের লিন্ডসে সিমন্স আসতে পারবেন বলে না জানিয়ে দিয়েছেন। তাই টুর্নামেন্টের পর্দা ওঠার তিন দিন আগে তাদের নতুন করে খেলোয়াড় সংগ্রহের দিকে মনোযোগী হতে হচ্ছে। তার পরও সবকিছুকে ছাপিয়ে দলের সাফল্য নিয়ে আশাবাদী কর্মকর্তারা। অন্য দলগুলো ইতিমধ্যে নিজেদের শোডাউন শেষ করলেও চিটাগং কিংসের এখানেও একটু দেরি হয়ে গেছে। মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে প্রথমবারের মতো তারা সংবাদ সম্মেলন করে দলের খুঁটিনাটি বিষয় উপস্থাপন করল। দলের আইকন তামিম ইকবাল, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ডিন জোন্স, ব্যাটিং কোচ মাইকেল বেভান—সবাই উপস্থিত ছিলেন। দলের সিইও সামির ইকবাল চৌধুরী বলেই ফেললেন, ‘দল গঠনে আমরা ৭০-৮০ ভাগ সফল। যাঁদের টার্গেট করেছিলাম, তাঁদের সবাইকে নিতে পারিনি। তবে বাকিদের ঠিকই নিয়েছি। তাই সাফল্যের বিষয়ে আশাবাদী।’ স্থানীয় দল হিসেবে চট্টগ্রামে রোড শো, কালচারাল শো ও মেজবানের আয়োজন করা হবে বলে কর্মকর্তারা জানান। ডিন জোন্স বলছেন, ‘ভালো ক্রিকেটার রয়েছে, কোচও ভালো। সবকিছু মিলিয়ে চিটাগং কিংস ভালো করবে।’ সিমন্সের জায়গায় নতুন করে ক্রিকেটার নির্ধারণও এখনো হয়নি বলে জানান জোন্স। তিনি বলেন, ‘লো ভিনসেন্ট, জেসন রয়, ব্রেন্ডন টেলরের সঙ্গে কথা চলছে।’ শেষ পর্যন্ত জেসন রয়ই চিটাগং কিংসের সদস্য হয়ে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা। একইভাবে দলের অ্যাম্বাসেডর হিসেবে ভিভ রিচার্ডস ও সুনীল গাভাস্কারের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানানো হয়। বিপিএল নিয়ে বাংলাদেশে এত মাতামাতির সময়ে আইপিএলে অবিক্রীত থেকে গেছেন তামিম ইকবাল। এতে কি পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে? এমন প্রশ্নে সরাসরি বলেই দিলেন তামিম, ‘এটা নিয়ে আমি কোনো চিন্তাই করি না। আমার স্বাভাবিক খেলা আমি খেলব।’‘বিপিএল একটি ভালো উদ্যোগ’ এমন প্রশংসা করতে গিয়ে আইপিএলের কারণেই ভারতের বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছে বলেও মনে করছেন চট্টগ্রামের আইকন।তাঁর সঙ্গে সুর মেলালেন ব্যাটিং কোচ বেভান। ‘টি-টোয়েন্টি ক্রিকেট নতুন সংযোজন। এখান থেকে অনেক ক্রিকেটার উঠে আসবে। বড় ক্রিকেটারদের সঙ্গে খেলতে খেলতে জুনিয়ররা শিখতে পারবে।’ বললেন বেভান।