‘ভালোই আছি এখানে। সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা ছাড়া আমরা তো এসেছি সব প্রতিকূলতাকে জয় করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আছে।’ কথাগুলো বলছিলেন আফগানিস্তানের মেয়ে ফরিদা রয়েশ। চোখ-মুখে তাঁর প্রচণ্ড আত্মবিশ্বাস। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফরিদার মতো দৃঢ় মনোবল দেখা গেছে শ্রীলঙ্কার কৌশিল আরিয়াথিলকা, পাকিস্তানের হুমায়রা নোরিন, ভিয়েতনামের জিয়াং থি হং, ভুটানের শেরিন ইয়োডন, নেপালের রোজি কারনা, মিয়ানমারের ই ই থু, ভারতের লিনটা রায়, বাংলাদেশের আজমিনা করিমের মধ্যেও। তাঁরা নিজেদের প্রস্তুত করছেন সব সমস্যা-সংকট থেকে বেরিয়ে আসার মতো করেই।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান, সংক্ষেপে এইউডব্লিউ। চট্টগ্রাম শহরের দামপাড়ার এম এম আলী সড়কে গড়ে উঠেছে এর অস্থায়ী ক্যাম্পাস। পাশাপাশি রয়েছে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীদের আবাসন। প্রায় ১০৪ একর জায়গা নিয়ে মূল ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে উত্তর পাহাড়তলি এলাকায়। এর নকশা করেছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান মোশি সাফদি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এর পরিচালনায় রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান সাপোর্ট ফাউন্ডেশন।‘এখানে মূলত এশিয়ার মেধাবী ও সুবিধাবঞ্চিত (আন্ডারপ্রিভিলেজড) পরিবারের মেয়েদেরই অগ্রাধিকার দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি তাঁদের মধ্যে নেতৃত্ব বিকাশের বিষয়টিও প্রাধান্য পায়। যাতে তাঁরা শুধু এশিয়ায়ই নয়, পুরো বিশ্বই দাপিয়ে বেড়াতে পারেন নিজেদের যোগ্যতায়।’ বলছিলেন মিডিয়া রিলেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স অফিসার জেরিন নিজাম শেখ। তিনি আরও জানালেন, ‘এখানে ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীর নেতৃত্ব দেওয়ার দক্ষতা, সামাজিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা প্রভৃতি দিকও মূল্যায়ন করা হয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামের মোট ২৯৬ জন শিক্ষার্থী রয়েছেন এখানে। দীর্ঘদিন এ দেশে থাকার ফলে তাঁদের অনেকেই নিজেদের এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। তাঁদের অভিজ্ঞতাও বিচিত্র। মিয়ানমারের ই ই থু বলেন, ‘আমি জেনেছি, এ দেশের মানুষ খুব পরিশ্রমী। একটি প্রামাণ্যচিত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং এখানকার মানুষের চরম আত্মত্যাগের যে ছবি দেখেছি, তা ভোলার নয়।’ শ্রীলঙ্কার কৌশিল্য আরিয়াথিলকা বাংলা বলতে পারেন না, তবে বুঝতে পারেন। এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ কৌশিল্য। তাঁর অসুস্থতার সময়ে এক বাঙালি মায়ের (বন্ধুর মা) সেবার কথা মনে করেন এ সময়ে। তবে পাকিস্তানের হুমায়রা নোরিন এখনো পরিবারের কথা ভেবে কেঁদে বুক ভাসান। বিশেষ কোনো উত্সবের সময় মনে পড়ে দেশের কথা—জানালেন ভিয়েতনামের জিয়াং থি হং। তখন এখানকার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, গান শুনে, নয়তো নেটে যোগাযোগ করে সব কষ্ট ভোলেন।বাংলাদেশের আজমিনা করিম থাকেন চট্টগ্রামেই। ‘আপনার তো কষ্ট লাগার কথা নয়।’ এতে মৃদু আপত্তি জানান আজমিনা। বলেন, ‘কেন নয়। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকার একটা যন্ত্রণা সবারই বুকে বাজে, আমিও তো হোস্টেলেই থাকি, পরিবারের বাইরে। তবে এখানে বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে থেকে তাঁদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছি। এই বন্ধুদের নিয়েই এখন আমার পরিবার। আমি মনে করি, দেশে থেকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পাচ্ছি এখানে। এটা অনেক বড় পাওয়া আমার জন্য।’ শিক্ষা কার্যক্রমকেও খুব গুরুত্বের সঙ্গে দেখা হয় এই প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সময়ে আয়োজন করা হয় আবৃত্তি, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।বিশ্ববিদ্যালয়ে দুটি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে—একটি অ্যাকসেস অ্যাকাডেমি, অপরটি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম। ২০০৮ সালের মার্চে প্রতিষ্ঠা করা হয় অ্যাকসেস অ্যাকাডেমি। অ্যাকসেস অ্যাকাডেমি হচ্ছে এক বছর মেয়াদি ফাউন্ডেশন প্রোগ্রাম। বলা যায়, এ সময়ে ইংরেজি মাধ্যমের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপযোগী করে তোলা হয় একজন শিক্ষার্থীকে। ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। এখান থেকে পর্যাপ্ত দক্ষতা লাভের পর এইউডব্লিওতে সরাসরি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে তালিকাভুক্ত হওয়া যায়। এতে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের ওপর পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বর্তমানে ব্যাচেলর অব লিবারেল আর্টসে (বিএ) বায়োলজিক্যাল সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড উইম্যান স্টাডিস, পলিটিকস, ফিলোসফি, ইকোনমিকস, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি প্রভৃতি বিষয়ে পড়ানো হচ্ছে।এ বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে আগ্রহী হয়ে ঊঠছে এ দেশের বহু মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়েরাও। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং ভারপ্রাপ্ত উপাচার্য হুন অ্যাং কু বলেছেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যন্ত ও আর্থসামাজিকভাবে সুবিধাবঞ্চিত বিভিন্ন অঞ্চল ও পার্বত্য এলাকার মেয়েদের কাছ থেকে বহু আবেদন পেয়েছি।’এইউডব্লিউর অ্যাকসেস অ্যাকাডেমি এবং আন্ডারগ্র্যাজুয়েট উভয় শিক্ষা কার্যক্রমেই প্রাথমিক ভর্তির যোগ্যতা হলো, বয়স ১৭ থেকে ২৫-এর মধ্যে হতে হবে এবং ১২ বছরের (১০+২) শিক্ষাজীবন পার করে আসতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় ৬০ শতাংশের ওপরে নম্বর বা গ্রেড পেতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৬০ শতাংশ স্কোর এবং সর্বশেষ গণিত পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার মতো সম্ভাবনা, সামাজিক দায়বদ্ধতা বা অঙ্গীকার এবং যেকোনো ইতিবাচক সামাজিক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। আবেদনপত্র ওয়েবসাইট (www.asian-university.org) থেকে নামানো যাবে। এ ছাড়া কান্ট্রি কো-অর্ডিনেটর অথবা ডিভিশনাল কো-অর্ডিনেটরের মাধ্যমে সংগ্রহ করা যাবে। অবশ্য ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি-প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই। ক্লাস শুরু হবে আগস্টে।