‘ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শেষ অ্যালবামের সেই গানটা—‘ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি/আজ আমি বড় একা হয়ে গেছি,’ শিল্পী শাহজাহান আলী যখন হূদয়ের সবটুকু দরদ দিয়ে গাইছিলেন তখন মিলনায়তনের সব চোখ যেন খুঁজছিল সেই ভালোবাসার মানুষটাকে। সেলিম নিজামীকে, যিনি তাঁর গানের মতোই হারিয়ে গেছেন অকালে। তাই মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানটা যেন হয়ে উঠেছিল শোকসভা। শোক আর শ্রদ্ধায় সবাই স্মরণ করলেন মরমি গানের দিকপাল সেলিম নিজামীকে। গত মঙ্গলবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজন করেছিল সেলিম নিজামীর মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান। এতে ছিল স্মৃতিচারণ ও গানের আসর। সেলিমের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান তাঁর শিল্পীবন্ধুরা। প্রথমেই স্মৃতিচারণ করেন সংগীতজ্ঞ আব্দুল গফুর হালী। শিষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি কান্না ধরে রাখতে পারেননি। হালী বলেন—সর্বশেষ অ্যালবাম ভুলি নাই বন্ধুর রেকর্ডিং চলছিল ঢাকায়। একটা গানের সুরে সমস্যা হচ্ছিল। একপর্যায়ে আমি গানের ওই জায়গাটা গেয়ে ভুলটা ধরিয়ে দিলাম। রেকর্ডিং শেষে তবলাবাদক মিলন ভট্টাচার্যকে সেলিম বলেছে, ‘আচ্ছা গফুর হালী মরে গেলে আমার কী হবে? কে আমাকে এভাবে শিখিয়ে দেবেন?’ হায়! যাওয়ার কথা ছিল আমার, চলে গেল সে। কথাগুলো বলার সময় গফুর হালীর চোখের জল বাঁধ মানছিল না। দীর্ঘদিনের গানের সঙ্গী আহমেদ নূর আমিরী, আবদুল মান্নান কাওয়াল স্মৃতিচারণ করেন। অন্য বক্তারা বলেন, ‘সেলিম নিজামী ছিলেন মরমি শিল্পী, বিশেষ করে বিচ্ছেদ গানের রাজপুত্র। এত বড় মাপের একজন শিল্পীর যোগ্য মূল্যায়ন হয়নি। পাকিস্তানের হামিদ আলী খানের মতো ওস্তাদের প্রশংসা পেয়েছেন সেলিম নিজামী। কিন্তু সংস্কৃতি অঙ্গন ও সংবাদমাধ্যমে তিনি উপেক্ষিত ছিলেন।’ পরে শিল্পীর স্ত্রী ইয়াসমিন নিজামীর হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের পক্ষে লিটন মিত্র। ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীর বড় ভাই খোরশেদ নিজামীকে। শেষে বসে কাওয়ালি ও বিচ্ছেদ গানের আসর। এতে গান করেন আব্দুল মান্নান, আহমেদ নূর আমিরী, শাহজাহান আলী, আকতার আজাদ, এএমএম সোবাইর, কাশেম, জিকো প্রমুখ। আকর্ষণীয় পর্ব ছিল সেলিম নিজামীর দুই ভাই খোরশেদ নিজামী ও জসিম নিজামীর গান। গাইছিলেন জসিম আর হারমোনিয়ামে ছিলেন খোরশেদ। ‘নাইয়রি নাইয়র হলো শেষ/এইবার চল আপন দেশ’ গানটি যখন গাইছিলেন জসিম তখন সেলিমের কণ্ঠের অনুরণন পাওয়া যাচ্ছিল। তাঁরা যেন কাওয়ালি ও বিচ্ছেদ গানের অমর শিল্পী এমএ রশিদের সার্থক উত্তরসূরি তা-ই সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন।